শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এক সঙ্গে ২ লাখ ৬০ হাজার টন সার কেনা ও আমদানির প্রস্তাব উঠছে। এর মধ্যে ১ লাখ ১০ হাজার টন ইউরিয়া, ৮০ হাজার টন ডিএপি এবং ৭০ হাজার টন টিএসপি সার রয়েছে।Government
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হবে।
দেশের কৃষি উৎপাদনে প্রয়োজনীয় সার সরবরাহ স্বাভাবিক রাখতে এসব প্রস্তাব অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করা হবে।
কমিটির সভাপতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভাটি হওয়ার কথা রয়েছে।
তিন উৎস থেকে ১ লাখ ১০ হাজার টন ইউরিয়া
শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইউরিয়া সার কেনার তিনটি প্রস্তাব সভায় উঠছে। এর মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া সৌদি আরবের SABIC Agri-nutrients Company থেকে ষষ্ঠ লটে ৪০ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব করা হয়েছে।
একইভাবে সংযুক্ত আরব আমিরাতের Fertiglobe-UAE থেকে CFR ভিত্তিতে প্রথম লটে আরও ৪০ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব রয়েছে।
এই তিন প্রস্তাবে মোট ১ লাখ ১০ হাজার টন ইউরিয়া সার কেনা ও আমদানি করা হবে।
মরক্কো থেকে ডিএপি ও টিএসপি
কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরক্কোর OCP NUTRICROPS S.A থেকে জিটুজি পদ্ধতিতে ডিএপি ও টিএসপি সার আমদানির চারটি প্রস্তাব রাখা হয়েছে।
এর মধ্যে ষষ্ঠ ও সপ্তম লটে ৪০ হাজার টন করে মোট ৮০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব রয়েছে। একই চুক্তির আওতায় অষ্টম লটে ৩০ হাজার টন এবং নবম লটে ৪০ হাজার টন করে মোট ৭০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব করা হয়েছে।
অর্থাৎ মরক্কো থেকে মোট ১ লাখ ৫০ হাজার টন ডিএপি ও টিএসপি সার আমদানির প্রস্তাব রয়েছে। ইউরিয়ার ১ লাখ ১০ হাজার টনসহ সভায় সব মিলিয়ে ২ লাখ ৬০ হাজার টন সার কেনা ও আমদানির প্রস্তাব করা হয়েছে।
একই সঙ্গে সার কেনার পাশাপাশি আজকের সভায় সরকারি ক্রয়ের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করা হবে।
এর মধ্যে পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবার আওতায় তৃতীয় প্রজন্মের ১৯ দশমিক ৩৭৫ মিলিয়ন সাইকেল খাবার বড়ি কেনার দুটি প্রস্তাব রয়েছে।
এ ছাড়া ই-জিপি (ইলেকট্রনিক সরকারি ক্রয়) ব্যবস্থার উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং সরকারি সেবা আধুনিকায়নসংক্রান্ত প্রকল্পের পরামর্শক সেবা কেনার প্রস্তাব রয়েছে।
বিদ্যুৎ বিভাগ থেকে আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের জন্য পুনর্নির্ধারিত বিদ্যুৎ ক্রয়মূল্য অনুমোদনের প্রস্তাবও সভায় উপস্থাপন করা হবে।
এর বাইরে জাইকার যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের বিভিন্ন প্যাকেজের নির্মাণকাজ, স্টেশন, ট্র্যাক, বৈদ্যুতিক সুবিধা, সিগন্যাল ও টেলিযোগাযোগ ব্যবস্থাসংক্রান্ত ক্রয় প্রস্তাব রয়েছে।













