শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
পাকিস্তান-ভারত সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) কাসুর সীমান্তের লাধার গ্রামের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
লাধার গ্রামের তিনজন বাসিন্দা আন্তর্জাতিক সীমান্তের একটি পিলার বা স্তম্ভের সামান্য কাছে গেলে কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আজমত রসুল ও মহসিন জাট নামের দুই ব্যক্তি মারা যান এবং তাদের এক সঙ্গী আহত হন। পাকিস্তানের নিরাপত্তা সূত্র দাবি করেছে, ওই ব্যক্তিরা সম্পূর্ণ নিরস্ত্র ছিলেন এবং সীমান্ত বেড়া পার হওয়ার কোনো চেষ্টা করেননি। আন্তর্জাতিক সীমান্ত সংক্রান্ত নিয়মকানুন ভেঙে এই গুলিবর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করে পাকিস্তান।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় এ ধরনের সংঘাতের ইতিহাস নতুন নয়। ২০১৬ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে নিয়ন্ত্রণ রেখা ও ওয়ার্কিং বাউন্ডারিতে দুপক্ষের গোলাগুলিতে একাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ২০২১ সালে দুই দেশ যুদ্ধবিরতির সমঝোতায় আসার পর কিছুদিন সীমান্ত শান্ত থাকলেও সাম্প্রতিক এই হত্যাকাণ্ড নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
আ/আ













