শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ব শিক্ষক দিবসে দেশের ১০১ গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।
দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের মধ্য থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি ৯৫ জনকে সম্মাননার জন্য চূড়ান্তভাবে নির্বাচন করে। এর বাইরে প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে আরও ছয়জন শিক্ষককে এ তালিকায় অন্তর্ভুক্ত করেন। তবে পরবর্তী সময়ে সম্মাননাপ্রাপ্ত কোনো শিক্ষকের বিরুদ্ধে বিরূপ মন্তব্য বা তথ্য পাওয়া গেলে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।
এ বছর প্রাথমিক পর্যায় থেকে ১০ জন, মাধ্যমিক পর্যায় থেকে ২০ জন, কলেজ পর্যায় থেকে ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ২০ জন শিক্ষক সম্মাননা পেয়েছেন। এ ছাড়া চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তিনজন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে চারজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচিত ছয়জন শিক্ষকও রয়েছেন এ তালিকায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।












