• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের

প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৩:২৩
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৩:২৩

ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ছাত্রদল সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দাবি করে সংগঠনটির সদ্য সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, এ ঘটনায় নেপথ্যে শিবিরের নেতারা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা নেয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনও অন্যায়কে প্রশ্রয় দেয় না। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ছাত্রদল সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু এই ঘটনার নেপথ্যে জড়িত শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে, আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করছি।

শিক্ষাপ্রতিষ্ঠানের সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটিসহ বিভিন্ন সংগঠনে প্রকাশ্য রাজনীতিতে দলীয় পদধারীদের অন্তর্ভুক্তিতে নিষেধাজ্ঞা থাকায় গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা নিজেদের রাজনৈতিক পরিচয় আড়াল করে এসব সংগঠনকে ‘গুপ্ত রাজনীতির আখড়া’ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।

রাকিবের অভিযোগ, এসব সংগঠনের কমিটি গঠন প্রক্রিয়া, আর্থিক পৃষ্ঠপোষকতা ও লেনদেন ‘পুরোপুরি অস্বচ্ছ’ প্রক্রিয়ায় করা হয়। অতীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক সংগঠনের শীর্ষ পদে থাকা ব্যক্তিরা পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন, তা বিশ্লেষণ করলেই তার বক্তব্যের সত্যতা পাওয়া যাবে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, এভাবে সহশিক্ষা কার্যক্রমের প্রতিষ্ঠানগুলোকে গুপ্ত রাজনীতির আতুরঘর হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। অচিরেই গুপ্তদের মুখোশ উন্মোচন করা হবে।

একইসঙ্গে সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটিসহ ক্যাম্পাসকেন্দ্রিক সামাজিক, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক সংগঠনগুলোতে সাধারণ শিক্ষার্থী এবং প্রকাশ্য রাজনীতিতে যুক্ত ব্যক্তিদের মেধা ও যোগ্যতা অনুযায়ী অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানান রাকিব।

এক শ্রেণির অরাজনৈতিক সংগঠনের পদধারী ব্যক্তিরা ‘গুপ্ত মোনাফেকদের জাকাতের টাকায়’ জীবনযাপন করে শিবিরের ঢাল হিসেবে ছাত্রদলকে অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্ররোচিত করতে পারে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান রাকিব।

চতুর্থবারের মতো বহিষ্কার ছাত্রদলের সহসভাপতি আহসান, হাসিবের হ্যাটট্রিক: ছয় নেতাকে শোকজচতুর্থবারের মতো বহিষ্কার ছাত্রদলের সহসভাপতি আহসান, হাসিবের হ্যাটট্রিক: ছয় নেতাকে শোকজ
তিনি বলেন, অরাজনৈতিক সংগঠনগুলোকে গুপ্ত রাজনীতিমুক্ত করতে হবে। অন্যথায়, ক্যাম্পাসকেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত প্রেক্ষাপটে যারা শিবিরের বি টিম হিসেবে ছাত্রদলকে মোকাবিলা করতে আসবে, তাদের আজ থেকে কোনও ছাড় দেওয়া হবে না।

গুপ্ত রাজনীতিতে যুক্ত ব্যক্তিরা অরাজনৈতিক সংগঠনগুলো দখল করে শিবিরের রাজনীতি প্রতিষ্ঠা করছে অভিযোগ করে এসব সংগঠনকে তাদের হাত থেকে উদ্ধার করে সাধারণ শিক্ষার্থীদের হাতে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ প্রশাসনের কাছে অভিযোগ তুলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে সহযোগিতার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান রাকিব।

রাকিব আরও বলেন, যারা নিরপেক্ষতার আড়ালে ক্যাম্পাসভিত্তিক সংগঠনগুলোতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ‘আন্ডারগ্রাউন্ড ইউনিট’ হিসেবে কাজ করে, মব সংস্কৃতি, গালিগালাজ বা গুপ্ত রাজনীতিকে প্রশ্রয় দেয়, সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে তাদের কর্মকাণ্ড গোপন থাকবে না। সময়ই তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করবে এবং সে অনুযায়ী আইন ও সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এজন্য প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদল তিন নেতাকে বহিষ্কার করেছে। সংগঠনটির কেন্দ্রীয় সংসদ রাবি শাখার সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান ও ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com