শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য ও স্থানীয় খুচরা বাজারমূল্যের ব্যবধান কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে ভোজ্য তেল, ডিম, মুরগি, আটা, ময়দা, চাল, পেঁয়াজ ও আলুর মতো পণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নজরদারি জোরদারের তাগিদ দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীরসহ কমিটির সদস্যরা অংশ নেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর জনবল, কার্যক্রম ও অর্জনের পাশাপাশি আমদানি-রপ্তানি এবং সরকারের পরিচালন ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়। গত তিন বছরের নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য ও স্থানীয় খুচরা দামের ব্যবধান নিয়ে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বিত প্রতিবেদনও উপস্থাপন করা হয়।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনুসন্ধান, তদন্ত ও মামলার মাধ্যমে বাজারে প্রতিযোগিতা বিরোধী চুক্তি, যোগসাজশ, কৃত্রিম সংকট, সরবরাহ নিয়ন্ত্রণ ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকানোর কার্যক্রম অব্যাহত রাখতে বলা হয়।
এছাড়া বিদেশের বাণিজ্য মিশনে কর্মকর্তাদের পদায়নে সংশ্লিষ্ট দেশের ভাষাজ্ঞান ও অভিজ্ঞতা বিবেচনা এবং আমদানি-রপ্তানিতে ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের সুপারিশ করা হয়।
টিসিবিসহ বিভিন্ন সেবামূলক কার্ড বিতরণে সমন্বিত ব্যবস্থা এবং প্রকৃত উপকারভোগী নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে দেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ও চুক্তি দ্রুত বাস্তবায়নেরও সুপারিশ করেছে কমিটি।












