শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৫৫ কোটি টাকা) মূল্যের নতুন বহুবর্ষী সহায়তা চুক্তি করেছে দেশটি।
বুধবার (৭ অক্টোবর) অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
চুক্তির আওতায় কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন, শিক্ষা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও সুরক্ষা কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের অংশীদার সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সহায়তার পরিধি আরও বাড়ানো হবে।
আসাদুল হাবিব দুলু বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি আন্তর্জাতিক মানবিক সংকট। বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক দায়িত্ববোধ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। এ সংকটে অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতা বাংলাদেশের মানবিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমত্রী এম. ইকবাল হোসেইন এমপি এ সময় উপস্থিত ছিলেন।












