শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর ফরিদাবাদের আইজি গেট এলাকায় দীর্ঘদিনের দখল ও অবৈধ বস্তি উচ্ছেদ করে উদ্ধার করা জায়গায় এক মাসের মধ্যে খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। শিশু-কিশোরদের জন্য মাঠ নির্মাণের পাশাপাশি সংলগ্ন এলাকায় নতুন সড়ক এবং জায়গা পর্যাপ্ত থাকলে কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফরিদাবাদ সংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ফুটপাত ও সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।
আবদুস সালাম বলেন, প্রায় ৪৮ থেকে ৫০ বছর ধরে সরকারি জায়গা দখল করে সেখানে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল। জায়গাটি এলাকায় মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। উচ্ছেদের পর দীর্ঘদিনের এই সমস্যা থেকে এলাকাটি মুক্ত হয়েছে। এখন সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ এবং সংলগ্ন এলাকায় নতুন রাস্তা নির্মাণ করা হবে। জায়গা পর্যাপ্ত থাকলে কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, এক মাস পর নতুন নির্মিত খেলার মাঠটি উদ্বোধন করবেন তিনি। উচ্ছেদ অভিযানে সহযোগিতার জন্য ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান ডিএসসিসি প্রশাসক।
এলাকার তরুণ সমাজ ও স্থানীয় বাসিন্দাদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রশাসন ভালো উদ্যোগ নিলে এবং এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করলে অনেক অসম্ভব কাজও সম্ভব করা যায়। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থেকে কাজ করার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
৪৭ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে ডিএসসিসি প্রশাসক জানান, বর্তমানে এ ওয়ার্ডে ১১ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। নতুন করে আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে। ফলে ওয়ার্ডটিতে মোট ১৫ কোটি টাকার উন্নয়নকাজ চলছে।
পরিদর্শনকালে উচ্ছেদকৃত স্থানে বৃক্ষরোপণ করেন ডিএসসিসি প্রশাসক। পরে বাংলাদেশ ব্যাংক কলোনিতে লার্ভিসাইডিং কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।












