শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, পরাজিত শক্তি ও তাদের মদতদাতারা পূজার পরিবেশ নষ্ট করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে।
সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হান্নান শাহ স্মৃতি সংসদ এ সভার আয়োজন করে।
রিজভী বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনা মাথায় রেখে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। দুর্গাপূজার পরিবেশ বিঘ্নিত করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হতে পারে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ‘ঘুমহীন প্রহরীর মতো’ সজাগ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পূজা কমিটির সদস্য ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপে পাহারা ও নজরদারির ব্যবস্থা করতে হবে। দলের প্রত্যেক নেতাকর্মীকে স্বেচ্ছায় ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।












