শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রমিকরা আজমপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
কয়েকজন শ্রমিক জানিয়েছেন, বেতন বৃদ্ধির দাবিতে সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আজমপুর এলাকায় জড়ো হন। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
পোশাক শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও। বিভিন্ন সড়কে তীব্র যানজট ছড়িয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
শেখ আলম নামে এক ব্যক্তি বলেন, সড়কে অবরোধের কারণে দীর্ঘ সময় ধরে যানজটে আটকে আছি। কখন গন্তব্যে পৌঁছাতে পারব, তা বুঝতে পারছি না।













