• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১২:২০
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১২:২০

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনকে ঘিরে শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দলের প্রথম কাউন্সিল সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ পদ বিলুপ্ত করে নেতাদের মধ্যে নতুন দায়িত্ব বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে আসিফ মাহমুদ ও সারজিস আলম দায়িত্ব পেতে পারেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এনসিপির একটি সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দলের আহ্বায়ক ও সদস্যসচিব পদ বহাল থাকছে। তবে মুখপাত্র, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং মুখ্য সমন্বয়ক পদগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় এ সিদ্ধান্ত হয়। পুনর্গঠনের পর এনসিপির কেন্দ্রীয় কমিটি হবে ১৫১ সদস্যের।

বর্তমানে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নতুন কাঠামোয় এসব পদ বিলুপ্ত হলে তাদের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে।

একাধিক সূত্রের তথ্যমতে, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেতে পারেন আসিফ মাহমুদ ও সারজিস আলম। তবে নতুন পদে দায়িত্ব বণ্টনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়গুলো সম্ভাবনা হিসেবেই থাকছে।

গত রোববার অনুষ্ঠিত রাজনৈতিক পর্ষদের সভায় কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হওয়ার কথা জানানো হয়। ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।

ওই সভায় এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের শীর্ষ পর্যায়ের নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাত সভায় অংশ নেন।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে প্রায় দুই শতাধিক নেতাকর্মী স্থান পান।

আত্মপ্রকাশের দুই বছর পূর্তিতে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি এনসিপির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন এবং নেতৃত্বের দায়িত্ব পুনর্বণ্টনের মধ্য দিয়ে দলটির সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আসতে পারে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com