• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত

প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ৯:৫৩
আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ৯:৫৩

985552

নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত

সিলেট প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ জামায়াত ইসলামী। এজন্য প্রস্তুতি নিচ্ছে। তবে যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনে সহযোগিতা চায় তাহলে জামায়াতে ইসলামী তাদেরও সহযোগিতা করবে। জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘বিগত সরকার দেশকে কেবল পেছনের দিকে নিয়ে গেছে। সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে সহিংস ও প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশের সাধারণ মানুষ এক নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।’

আগামী নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে সম্ভাব্য এমপি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করে তিনি বলেন, ‘বিজয়ী হলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জকে একটি আধুনিক-আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করব।’

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘বিয়ানীবাজারের মতো সীমান্তবর্তী একটি জনপদ থেকে বৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বকালেও রাজনীতির অপব্যবহার করিনি। আগামীতেও রাজনীতিকে ব্যবহার করে কোনো অপকর্ম করা কিংবা টাকা-পয়সা বানানোর খায়েশ আমার নেই।’

তিনি বলেন, ‘গত সরকারের সময়ে বিচারের নামে প্রহসন হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অভিযোগে সাজা দেওয়া হয়েছে। পরবর্তীতে পরিকল্পিতভাবে সরকারের দোসর চিকিৎসকরা অপচিকিৎসা দিয়ে তাকে হত্যা করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা সাঈদীকে হত্যার বিচার দাবি করছে।’

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীর পক্ষে সঠিক তথ্য তুলে ধরা ও ইতিবাচক বিয়ানীবাজার উপস্থাপন করার আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সাবেক নায়েবে আমীর আবুল খায়ের, সাবেক সেক্রেটারি মুফাসসির আহমদ ফয়েজি, নায়েবে আমীর মোস্তফা উদ্দিন, সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের দক্ষিণ শাখার সভাপতি আহবাব হোসেন মুরাদ, বিয়ানীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণের সেক্রেটারি মুনিবুর রহমান পাবেল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com