পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরোধের কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে যান চলাচল সাময়িক বন্ধ থাকার খবর পাওয়া গেছে। পরে আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ সময় সেতুসংলগ্ন একটি মার্কেট ও একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করা হয়।
রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের গোলচত্বরে জড়ো হন।
একপর্যায়ে তারা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। অবরোধের কারণে ভোর সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সাড়ে ৭টার পর যান চলাচল স্বাভাবিক হয়।
একই সময়ে পদ্মা সেতুসংলগ্ন আব্দুর রাজ্জাক সুপার মার্কেট ও পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেসওয়ে রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করে তারা। আগুনে স্থাপনা দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে অবরোধ ও সংঘাতের পরিস্থিতি তৈরি হলে সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষ এড়িয়ে নিরাপদ স্থানে সরে যান।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আব্দুস সালামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলেননি।












