• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শহীদ আবু সাঈদের নামে মাদরাসা প্রতিষ্ঠার ঘোষণা

প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ৪:০৬
আপডেট: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ৪:০৬

 

রংপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের নামে একটি মাদরাসা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত বিভাগীয় গণ-সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

তিনি বলেন, ২০১৩ সালের শাপলা চত্বর আন্দোলন, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারীদের স্মরণে এই মাদরাসা প্রতিষ্ঠিত হবে। মাদরাসাটি শহীদ আবু সাঈদের কবরের পাশেই নির্মাণ করা হবে।

আল্লামা সাজিদুর রহমান দাবি করেন, দেশের স্বাধীনতা অর্জনে উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি সংবিধান সংশোধন করে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপনের দাবি জানান। পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম থেকে ইসলাম-বিরোধী বিষয়গুলো বাদ দিয়ে নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন এবং ২০১৩ সাল থেকে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও করেন তিনি।

নায়েবে আমীর মাওলানা ইউনুসের সভাপতিত্বে গণ-সমাবেশে আরও বক্তব্য দেন নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা ফজলুল করীম কাসেমী, অর্থ সম্পাদক মুফতী মুনির হুসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, সহকারী অর্থ সম্পাদক মুফতী কামাল উদ্দীন প্রমুখ।

এর আগে, হেফাজতের একটি প্রতিনিধি দল শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে এবং তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম