• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

এক দফা দাবি আদায়ে কর্মবিরতির হুঁশিয়ারি নার্সদের

প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৩৫
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৩৫

এক দফা দাবি আদায়ে কর্মবিরতির হুঁশিয়ারি নার্সদের

জনতার আওয়াজ ডেস্ক

আগামী তিন কর্মদিবসের মধ্যে এক দফা দাবি আদায় না হলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক ড. মো. শরিফুল ইসলাম।

ড. মো. শরিফুল ইসলাম বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ও কাউন্সিলের দায়িত্বশীল পদসমূহে অধিষ্ঠিত হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ অব্যাহতভাবে নার্স ও মিডওয়াইফগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করে আসছেন। এছাড়া নার্স-মিডওয়াইফগণ মাঝে মাঝেই উক্ত কর্মকর্তাগণ দ্বারা কটাক্ষের স্বীকার হয়ে থাকেন। নার্সিং বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে এই কর্মকর্তাগণ প্রায়শই নার্সদের উচ্চশিক্ষা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অবজ্ঞা করে থাকেন। এরই একটি উদহরণ গত ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একজন বদলি প্রার্থী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর (অতিরিক্ত সচিব) এর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি নার্সদের পেশা এবং তাদের চাকরি সম্পর্কে কটূক্তি করেন এবং নার্সদের ২য় শ্রেণির পদমর্যাদা প্রদান করা ভুল হয়েছে বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, মাকসুরা নূরের এমন মন্তব্যের প্রেক্ষিতে দেশের নার্স ও মিডওয়াইফগণ ক্ষোভে ফেটে পড়েন। পরবর্তীতে সকল স্তরের নার্স ও মিডওয়াইফদের প্রতিনিধিত্বে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ গঠন করা হয়। উক্ত পরিষদ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে প্রশাসন ক্যাডারদের প্রত্যাহারপূর্বক নার্স ও মিডওয়াইফদের পদায়নের লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে গত ৯ সেপ্টেম্বর হতে আন্দোলন করে আসছে।

ড. মো. শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে রোগীর সেবা অক্ষুন্ন রেখে নার্স ও মিডওয়াইফগণ উল্লিখিত কর্মসূচি পালন করলেও অদ্যাবধি সরকারের পক্ষ থেকে এই যৌক্তিক এক দফা দাবি সম্পূর্ণরূপে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়নি। তবে একটি বিষয়ে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই যে, নার্স-মিডওয়াইফদের দাবির প্রেক্ষিতে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্ট্রার পদে সাময়িকভাবে একজন অবসরপ্রাপ্ত নার্সিং কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেছেন। আমরা পরিস্কারভাবে জানিয়ে দিতে চাই যে, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক উত্থাপিত ন্যায়সংগত দাবিটি দেশের সকল নার্স ও মিডওয়াইফগণের প্রাণের দাবি। এই দাবি সম্পূর্ণরূপে বাস্তবায়নের ক্ষেত্রে এ দেশের নার্স মিডওয়াইফগণ কোনো প্রকার ছাড় দেবে না।

তিনি আরও বলেন, বর্তমানে অধিদপ্তর মহাপরিচালক না থাকায় ৪৭ হাজার নার্স ও মিডওয়াইফের যাবতীয় প্রশাসনিক ও ১ লাখ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। এতে সরকারের প্রতি তাদের নেতিবাচক ধারনা তৈরী হচ্ছে। সুতরাং আমাদের এক দফা দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারপূর্বক অনতিবিলম্বে উচ্চশিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য নার্সদের মধ্য থেকে মহাপরিচালক, পরিচালকপদসমূহ ও কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে পদায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। উক্ত দাবিটি আগামী ৩ কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন না করা হলে সারাদেশে নার্স ও মিডওয়াইফগণ সর্বাত্মক কর্মবিরতি দিতে বাধ্য হবে।

এসময় সংবাদ সম্মেলনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য সচিব ড. মোহাম্মদ নুরুল আনোয়ার, ড. মো. মফিজুল্লাহসহ প্রায় শতাধিক নার্স উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com