• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের সমাবেশ

প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ ৬:৫১
আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ ৬:৫১

966668596

ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের সমাবেশ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে এক প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার (৮ নভেম্বর) জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আয়োজিত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

হেফাজতে ইসলামের সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল আন্দরকিল্লা থেকে এসে নগরের জামাল খান চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা, হাজারী লেনে ওসমান আলী নামের এক ব্যবসায়ীর দোকানে হামলা এবং যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের নিন্দা জানান বক্তারা। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা। ইসকন নিষিদ্ধ করা না হলে হেফাজতের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান।

চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন হেফাজত নেতা মাওলানা নুরনবী, আনোয়ার হোসাইনি, সালাউদ্দিন, আশরাফ বিন ইয়াকুব, মো. শহীদ, মো. রব্বানী প্রমুখ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার নগরীর হাজারী লেনের ওসমান আলী নামের এক ব্যবসায়ীর দেওয়া ইসকনবিরোধী ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষ হয়। প্রায় ৫০০-৬০০ ব্যক্তি হাজারী লেনে অবস্থিত ওসমান ও তার ভাইয়ের দোকানে আগুন দিতে আসে। এসময় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যদের ছয়টি টহল দল সেখানে পৌঁছে তাদের দুই ভাইকে উদ্ধার করে। এরপর কিছু ব্যক্তি আরও আক্রমণাত্মক হয়ে উঠে যৌথ বাহিনীর সদস্যদের ওপর জুয়েলারি কাজে ব্যবহৃত অ্যাসিড নিক্ষেপ করেন। এতে সেনাবাহিনীর ৫ সদস্যসহ পুলিশের ১২ সদস্য আহত হন। ওই আক্রমণাত্মক ব্যক্তিদের কিছু অংশ ইট ছুড়ে সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যানও ভেঙে ফেলে।

পরে রাত সাড়ে ১১টার দিকে যৌথ বাহিনীর ১০টি টহল দল হাজারী লেন গেলে একদল ব্যক্তি তাদের ওপর অ্যাসিড ছুড়তে শুরু করেন। বিক্ষুব্ধ লোকজনকে ছত্রভঙ্গ করতে ও নিজেদের রক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরা লাঠিপেটা করে ৮২ জনকে আটক করে। তাদের মধ্যে ৫৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় গত বুধবার রাতে কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৫০০ জনকে আসামি করে মামলা করেন।

একই দিন ফেসবুকে পোস্ট শেয়ারকারী ওসমান আলীকেও ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com