• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ২০ কিমি যানজট, ৩০ কারখানা ছুটি

প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ৩:০৬
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ৩:০৬

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ২০ কিমি যানজট, ৩০ কারখানা ছুটি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টিএনজেড পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে প্রায় ২৪ ঘণ্টা ধরে বিক্ষোভ করে চলেছে। বিক্ষুব্ধরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করায় মহাসড়কের উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। ব্যক্তিগত, সরকারি ও জরুরি যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করে চলেছে। এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান।

ইব্রাহিম খান জানান, গতকাল সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া শ্রমিক আন্দোলন রাতভর থেমে থেমে চলছিল। টানা প্রায় ২৪ ঘণ্টা মহাসড়কে শ্রমিকরা অবস্থান করে অবরোধ তৈরি করে রাখে। এ কারণে মহাসড়কের উভয় পাশে টঙ্গী থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা বিকল্প পথে চলাচল করছে।

এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিকল্প সড়ক ব্যবহারে অনুরোধে করে একটি ট্রাফিক আপডেট দেওয়া হয়েছে। ওই আপডেটে বলা হয়েছে, সম্মানিত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহারকারী যাত্রীবৃন্দের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বকেয়া বেতন-ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিক কর্তৃক ভোগড়া বাইপাস ও মালেকের বাড়ির মাঝামাঝি কলম্বিয়া গার্মেন্টসের সামনে গতকাল সকালে শুরু করা মহাসড়ক অবরোধ আজ সকাল পর্যন্ত অব্যাহত আছে। সম্মানিত যাত্রীগণকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দোলনকারী শ্রমিকদের সাথে লাঠিসোটা হাতে কিছু বহিরাগত যোগ দিয়েছে। শ্রমিকদের অবরোধের জায়গার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের এসব গাড়ি গত রাতে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে যানজটে আটকা পড়ায় আর কোন দিকে যেতে পারেনি। আটকেপড়া পণ্যবাহী যানবাহনের মধ্যে পচনশীল পণ্য রয়েছে। যাত্রীবাহী অনেক বাস থেকে যাত্রীরা নেমে পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করেছে। ফলে অনেক যানবাহন যাত্রীশূন্য অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।

তাকওয়া পরিবহণের চালক কামাল হোসেন জানান, রবিবার সকালে জৈনা বাজার থেকে যাত্রী তুলে জয়দেবপুর চৌরাস্তার উদ্দেশে রওনা দেন। বাসটি কয়েক ধাপে ছোট ছোট যানজট পেরিয়ে রাজেন্দ্রপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পর্যন্ত যেতেই যানজটে আটকে যায়।

এদিকে শ্রমিক আন্দোলনে যানজটের কারণে মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম চলাচল করছে। স্বল্প দূরত্বের লোকাল পরিবহণ চলাচল করলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তুলছেন যাত্রীরা।

সকালে রাজধানীর উদ্দেশে যেতে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় দূরপাল্লার বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন ষাটোর্ধ্ব আব্দুল কাদির। তিনি বলেন, ঢাকায় যেতে সকালে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ১৫০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে। কিন্তু অন্যান্য বাসগুলো জানাচ্ছেন, রাজেন্দ্রপুর পর্যন্ত যাওয়া যাবে। বাকি রাস্তায় যানজট। এখন বেশ চিন্তায় আছি।

আজ রবিবার দুপুরে ৩০টি কারখানায় ছুটির বিষয়টিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম। তিনি বলেন, গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার টিএনজেড গ্রুপের শ্রমিকরা গতকাল (শনিবার) সকাল ৯টা থেকে সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসের বেতনের জন্য ঢাকা-ময়মনসিংহ হাইওয়েতে অবস্থান করছেন। তাদের একটাই কথা, বেতন না পাওয়া পর্যন্ত তারা হাইওয়ে ছাড়বে না।

তিনি আরও বলেন, তাদের একাধিকবার বুঝানোর চেষ্টা করেছি, আমাদের অফিসে এসে বসো, অবস্থান নাও। কিন্তু ওরা নাছোড়বান্দা, মহাসড়ক ছাড়বে না। এটাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায়ও ওদেরকে বোঝানো হয়েছে, রাতেও চেষ্টা করেছিলাম ওরা যায়নি। আজকে তারা আছে। এই ধারাবাহিকতায় টিএনজেড গ্রুপ, কলম্বিয়া, ভোগড়া বাইপাস, চৌরাস্তার দিকে ৩০টি কারখানা ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকরা ভেতরে ঢুকতে পারছে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com