• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়?

প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ১০:১৪
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ১০:১৪

উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়?

জনতার আওয়াজ ডেস্ক
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে পুরাতনদের কয়েকজনের দায়িত্ব রদবদল হয়েছে। কারও কারও দায়িত্ব বেড়েছে, কারও কমেছে। এছাড়া নতুন করে যুক্ত তিনজনকে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণের পরপর মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দায়িত্ব পুনর্বণ্টনের কথা জানানো হয়। নতুনদের মধ্যে মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই দায়িত্ব পালন করে আসছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সেখ বশির উদ্দিন পেয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল ড. সালেহ উদ্দিনের কাঁধে। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা পরিষদে নতুন যুক্ত হওয়া মাহফুজ আলমকে এখনো কোনো দফতর দেওয়া হয়নি। হাসান আরিফ পেয়েছেন ভূমি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি এতদিন স্থানীয় সরকারের দায়িত্বে ছিলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়ার পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আগের নৌপরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দেওয়া হয়েছে।

উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এতদিন তাকে কোনো দফতর দেওয়া হয়নি। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে সন্ধ্যায় বঙ্গভবনে নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন যুক্ত হওয়া উপদেষ্টারা হলেন বিশিষ্ট ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম, যিনি এতদিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকারে এতদিন ২০ জন উপদেষ্টা ছিলেন। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও ৪ জন উপদেষ্টা যুক্ত হন। এবার যুক্ত হলেন আরও তিনজন। এর মাধ্যমে উপদেষ্টাদের কাজের গতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com