• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

শেখ হাসিনাকে ফেরাতে প্রসিডিউর ফলো করা উচিত: ভারতীয় বিশেষজ্ঞ

প্রকাশ: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ৪:৫৩
আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ৪:৫৩

শেখ হাসিনাকে ফেরাতে প্রসিডিউর ফলো করা উচিত: ভারতীয় বিশেষজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক
গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে প্রসিডিউর ফলো করা উচিত বলে মনে করেন ভারতীয় বিশেষজ্ঞ।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল সম্মেলনের অধিবেশনে নানা ইস্যু নিয়ে আলোচনার মধ্যে বাংলাদেশি বিশেষজ্ঞের প্রশ্নের জবাবে এমন মত দেন ভারতের বিশেষজ্ঞ।

এদিন সম্মেলনে অংশ নেয়া বিশেষজ্ঞদের মধ্যে বিভিন্ন ইস্যুতে দুই ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা হয়। আলোচনার শেষদিকে বাংলাদেশি বিশেষজ্ঞ গণহত্যার দায় নিয়ে ভারতে শেখ হাসিনার আশ্রয় নেয়ার বিষয়টি উল্লেখ করে প্রতিবেশী দেশটির কাছে বাংলাদেশের করণীয় কী সে বিষয়ে জানতে চান। জবাবে সম্মেলনে অংশ নেয়া ভারতীয় বিশেষজ্ঞদের একজন কয়েকটি বিষয় উল্লেখ করলেও তিনি শেখ হাসিনা প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি।

পরবর্তীতে আবারও বিষয়টি নিয়ে আলোচনা উঠলে বাংলাদেশি অপর এক আলোচক শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, একজন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর তাকে ভারত সরকারের প্রতিনিধি রিসিভ (গ্রহণ) করেছে, আগে এমনটি তিনি কখনো দেখেননি। এ সময় ভারতীয় ওই আলোচক বলেন, বাংলাদেশ সরকার এখনো শেখ হাসিনাকে ফেরত চায়নি। তাকে ফেরত আনতে প্রসিডিউর (বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা) ফলো করা উচিত।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) সিনিয়র রিসার্চ ফেলো পারভেজ করিম আব্বাসীর সঞ্চালনায় ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের জটিলতার গতিপথ’ শীর্ষক ওই অধিবেশনে ভারতের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশ নেন দেশটির সেনাবাহিনীর সাবেক সেনা কমান্ডার অরুণ কে সাহনি, ভারতের ইনস্টিটিউট অব গ্লোবাল স্টাডিজের সভাপতি অশোক সজ্জনহার, ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত, দ্য হিন্দু পত্রিকার কূটনৈতিক সম্পাদক সুহাসিনী শেরিন হায়দার প্রমুখ।

অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ, সিপিডি’র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, নিউ এজ সম্পাদক নুরুল কবির, চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়, যুক্তরাষ্ট্রের কোলগেট ইউনিভার্সিটির অধ্যাপক নবীন মুর্শিদ প্রমুখ অধিবেশনে বক্তব্য রাখেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধন করেন। চলতি বছর সম্মেলনে বিশ্বের ৮০টিরও বেশি দেশ থেকে দুই শতাধিক আলোচক ছাড়াও ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশগ্রহণকারী যোগ দেন। যেখানে রোহিঙ্গা সংকট ছাড়াও সীমান্ত হত্যা ও পানিবণ্টন সমস্যার পাশাপাশি গণহত্যার দায় নিয়ে ভারতে পালানো শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com