• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি সমমনা জোটের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ২:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ২:৫৪

আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি সমমনা জোটের

জনতার আওয়াজ ডেস্ক
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে জড়িত ও নেপথ্যে থাকাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই কর্মসূচি হয়।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান আমরা সবাই ভাই-ভাই। এখানে আমরা দীর্ঘকাল ধরে সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। আমাদেরকে এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও শেখ হাসিনাসহ তাদের এ ষড়যন্ত্র থেমে নেই। দেশকে অস্থিতিশীল করতে তারা নানা চক্রান্ত-ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্রে পা দেয়া যাবে না। এ জন্য জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এনপিপির এই চেয়ারম্যান বলেন, পতিত ফ্যাসিবাদী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে এই সরকারকে ব্যর্থ করতে চায়। তাই সরকারকে কঠোর হস্তে ষড়যন্ত্রকারীদের পাশাপাশি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি দমন করতে হবে। জাতীয়তাবাদী সমমনা জোট এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে।

ফরিদুজ্জামান ফরহাদ দেশের বিদ্যমান সংকট উত্তোরণে এই সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেন, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন সোহেল, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, প্রচার সম্পাদক মোজাফফর হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা দীপা রহমান, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাদিব প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়, নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এসে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com