জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা। এসময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে শাহবাগ মোড়ে এসে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা।
এতে বন্ধ হয়ে যায় মোড়ের রাস্তার চারপাশের যান চলাচল। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ফেস্টুনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং গণহত্যার বিচারের আহ্বান দেখা যায়।
সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এই অবরোধে অংশ নেন। অবরোধের কারণে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি এবং বাংলামোটরগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের মঞ্চ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।













