• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জাতীয় সনদ নাগরিকের সব অধিকার সুরক্ষিত করতে পারবে: আলী রিয়াজ

প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫ ৪:৫৬
আপডেট: শনিবার, ১০ মে, ২০২৫ ৪:৫৬

96003

জাতীয় সনদ নাগরিকের সব অধিকার সুরক্ষিত করতে পারবে: আলী রিয়াজ

জনতার আওয়াজ ডেস্ক
ঐকমত্য কমিশন সবার সঙ্গে আলোচনার মাধ্যমে যে জাতীয় সনদ তৈরির চেষ্টা করছে, নিঃসন্দেহে তা নাগরিকের সব অধিকার সুরক্ষিত করতে পারবে বলে মন্তব্য করেছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার (১০ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এল ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের আলোচনার শুরুতে তিনি এ মন্তব্য করেন বলে জাতীয় ঐকমত্য কমিশন থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, দেশের নাগরিকদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা ছাড়া একটি গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্র নির্মাণ কিংবা নাগরিকের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না। সেই সঙ্গে একটি গণতান্ত্রিক রাষ্ট্রই কেবল নাগরিকের অধিকার নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সুবিচার ব্যবস্থা পৌঁছে দিতে পারে। তাই কমিশন মনে করে, যে জাতীয় সনদ সব রাজনৈতিক দলের মতামত নিয়ে তৈরি হতে যাচ্ছে, সেটি আগামীর দিনগুলোতে সব নাগরিকের অধিকার সুরক্ষিত করবে।

প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংস্কার কমিশনগুলো থেকে যে সব প্রস্তাব রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছে এবং জাতির সামনে প্রকাশ করা হয়েছে, তার লক্ষ্য ঐকমত্যের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট পথ তৈরি করা।

তিনি আরো বলেন, বহু প্রাণের বিনিময়ে এই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। এই সুযোগকে সফল করতে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং প্রত্যাশা থাকবে, সব রাজনৈতিক দল এই আকাঙ্ক্ষাকে ধারণ করে অগ্রসর হবে।

আলোচনায় ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলে দলটির সদস্য সুনয়ন চাকমা এবং সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা উপস্থিত ছিলেন। ইউপিডিএফসহ এ পর্যন্ত ২৮ টি রাজনৈতিক দল কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com