ঢাবি প্রতিনিধি
ছবি সংগৃহীত
টিএসসি কেন্দ্রে আগে থেকে সাদিক কায়েম ও ফরহাদের ব্যালটে সিল মারা ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার প্রসঙ্গে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে অমর একুশে হলে আগে থেকে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ উঠেছে। এ অভিযোগ ঢাকতে আমাদের প্যানেলের বিরুদ্ধে বানোয়াট অভিযোগের নাটক করা হচ্ছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে টিএসসি চত্বরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ফরহাদ বলেন, ‘একুশে হলের কারচুপির অভিযোগ ঢাকতেই টিএসসি কেন্দ্রে আমাদের নামে অপপ্রচার নাটক মঞ্চস্থ করা হয়েছে।’ তিনি মিথ্যা অভিযোগকারীদের গ্রেফতারের দাবি জানান।
তিনি বলেন, ‘ইউল্যাব কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেলের একজন এজেন্টকে বের করে দেয়া হয়েছে। অমল একুশে হলে আগে থেকেই ছাত্রদলের সিল মারা ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে।’
উল্লেখ্য, প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

