জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই সনদের সব বিষয়গুলো জনগণের কাছে স্পষ্ট না করেই স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন সরকারের একটি ছলচাতুরী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, সনদ নিয়ে শুধু একটি অনুষ্ঠানের প্রয়োজন নেই, আইনি ভিত্তি জরুরি। অর্ডার নিশ্চিত না হয়ে জুলাই সনদে স্বাক্ষর করলে সমস্যা বাড়বে বলে দাবি করেন তিনি।
এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘ঐকমত্য কমিশনের দায়িত্ব নিয়ে সনদের সমস্যাগুলো সমাধান করতে হবে। কমিশনের মেয়াদ শেষ হয়ে গেলে আলোচনার কোনো প্লাটফর্ম থাকবে না।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের সব বিষয়গুলো জনগণের কাছে স্পষ্ট না করেই স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন সরকারের একটি ছলচাতুরী।’ তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের দায়িত্ব নিয়ে সনদের সমস্যাগুলো সমাধান করতে হবে। কমিশনের মেয়াদ শেষ হয়ে গেলে আলোচনার কোনো প্লাটফর্ম থাকবে না।’
তিনি বলেন, ‘সরকার পরিবর্তনের জন্য নয়, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য আন্দোলন করেছে মানুষ।’
এনসিপির প্রতীক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন কোনো ব্যাখ্যা ছাড়াই গায়ের জোরে কাজ করছে, এসব মেনে নেওয়া হবে না।’ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, সেই ডেডলাইন ধরে এনসিপি এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন নাহিদ।












