• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জনগণের কল্যাণে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে: পানি সম্পদমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৬
আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৬

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

জনগণের কল্যাণে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সারা দেশে নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন।

সভায় পানি সম্পদমন্ত্রী বলেন, জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খনন কর্মসূচি দিয়ে এক মহাবিপ্লব ঘটিয়েছিলেন। দীর্ঘদিন খাল খনন না হওয়ায় এবং দেশব্যাপী সেচ ব্যবস্থার অভাব ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, জনকল্যাণে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে।

খাল খনন কর্মসূচি দৃশ্যমান ও কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী তিন দিনের মধ্যে কর্মপরিকল্পনা দিতে আহ্বান জানান তিনি। খাল খনন টেকসই করা, মানুষের জীবন-জীবিকা নির্ভর ব্যবস্থা গড়ে তোলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খাল খনন বাস্তবায়নের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে।

চলতি অর্থবছর এবং আগামী বছরগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কী কাজ করবে তার সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান তিনি।

এ পরিকল্পনা বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একযোগে কাজ করবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম