• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ চৌধুরীকে নিয়ে কী জানাল ডিবি

প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৫:৪০
আপডেট: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৫:৪০

9653036

গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ চৌধুরীকে নিয়ে কী জানাল ডিবি

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার হয়েছেন এক-এগারোর সময়ের অন্যতম আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। সোমবার (২৩ মার্চ) গভীর রাতে বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

ডিবিপ্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। ডিবিপ্রধান গণমাধ্যমকে বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পাঁচটি মামলা আছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

তবে মামলাগুলোর বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

গ্রেপ্তার মাসুদ উদ্দিন চৌধুরী ১৯৭৫ সালের ১ মে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা দখলকালে মাসুদ উদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের প্রধান (জিওসি) ছিলেন। একই বছর তিনি মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফট্যানেন্ট জেনারেল হন। তাকে এক-এগারোর পটপরিবর্তনের অন্যতম প্রধান কুশীলব হিসেবে মনে করা হয়।

অভিযোগ রয়েছে, সে সময় তিনি তার অধীনস্থ ব্যাটালিয়নের সহযোগিতায় বাংলাদেশের রাষ্ট্রপতি ভবন, বঙ্গভবনের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। তিনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি-অনিয়ম দূর করতে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি গঠন করে যার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পান মাসুদ উদ্দিন। ২০০৮ সালের ২ জুন তাকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে ডিফেন্স সার্ভিসেস কম্যান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট পদে ও ৮ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়।

এরপর একই বছর ২ সেপ্টেম্বর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কমিশনার হিসেবে নিয়োগ করা হয়। ২০০৮ সালের ৪ নভেম্বর তিনি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এরপর আওয়ামী লীগ সরকার তিন দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে। ২০১১ সালের ২৯ জুন তার চাকরির মেয়াদ শেষ হলেও পরবর্তীতে তার মেয়াদ বাড়ানো হয় এবং ২০১৪ সাল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেন। পরে ঢাকায় এসে তিনি রেস্তোরাঁসহ একাধিক ব্যবসায় যুক্ত হন।

মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে দুই দফায় (২০১৮ ও ২০২৪) ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সংসদ সদস্য ছিলেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম কিনে জমা দিয়েছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। দলটির নীতিনির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলীর সদস্যপদ পান। জাপার মনোনয়নে নির্বাচন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com