ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার বেশ কিছু স্থানে হঠাৎ করে দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই আকাশ মেঘলা হয়ে পড়ে এবং শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় শিলাবৃষ্টি, যা প্রায় ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী হয়।
এ সময় বিভিন্ন এলাকায় মাঝারি থেকে বড় আকারের শিলা পড়তে দেখা যায়। এতে ভুট্টা, গম, লিচু ও আমের মুকুলসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন কৃষকরা।
চন্ডিপুর এলাকার স্থানীয় কৃষক আব্দুল হাই বলেন, ‘হঠাৎ করে এমন শিলাবৃষ্টি হবে বুঝতেই পারিনি। আমার ভুট্টা ও গমের অনেক ক্ষতি হয়েছে। এখন কীভাবে ক্ষতি পুষিয়ে উঠবো বুঝতে পারছি না।’
আরেক কৃষক মো. রফিকুল আলি বলেন, ‘আমের মুকুল ও লিচুর গাছে শিলার আঘাতে অনেক ক্ষতি হয়েছে। এভাবে চলতে থাকলে এ বছর ফলন ভালো হবে না।’
গড়েয়া এলাকার কৃষক জাহাঙ্গীর আলম জানান, ‘মাত্র ১০-১৫ মিনিটের শিলাবৃষ্টিতেই খেতের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা এখন সরকারের সহযোগিতা আশা করছি।’
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাজেদুল ইসলাম জানান, ‘উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’












