• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এমপি ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নেতাকর্মীদের

প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৯:৪১
আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৯:৪১

9600025 1

এমপি ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নেতাকর্মীদের

নওগাঁ প্রতিনিধি
ছবি প্রতিনিধি
দলীয় নেতা-কর্মীদের তুলে নিয়ে গিয়ে নিজ বাসভবনের টর্চার সেলে নির্যাতনের অভিযোগ উঠেছে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে।

প্রতিবাদে সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটায় নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেছে মান্দা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল এবং যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান।

লিখিত বক্তব্যে বক্তারা অভিযোগ করে বলেন, ‘রবিবার (৫ এপ্রিল) মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে প্রসাদপুর বাজার এলাকা থেকে এমপির সন্ত্রাসী বাহিনীর প্রধান ও এপিএস মোহাম্মদ আলী এবং গোল্ডেনসহ ১০-১২ জন সন্ত্রাসী পেটাতে পেটাতে টানা-হেঁচড়া করে এমপির নিজ বাসভবনে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর এমপির বাড়ির নিচতলায় টর্চার সেলে তাকে নির্মমভাবে নির্যাতন ও মারধর করা হয়। তিনি নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছেন।’

বক্তব্যে আরও বলা হয়, ‘উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা জানাতে গেলে তার ওপরও হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।’

এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ধারাবাহিক সন্ত্রাসী কার্যক্রমের অংশ; যার মাধ্যমে দলীয় ভিন্নমত দমন এবং ব্যক্তিগত আধিপত্য প্রতিষ্ঠা করা হচ্ছে।

সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার বলেন, ‘নির্বাচনে বিজয়ের পরপরই সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু দলীয় ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের সম্পূর্ণভাবে উপেক্ষা করে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে প্রকাশ্য ও গোপন আঁতাতে লিপ্ত হয়েছেন। তিনি পারিবারিক স্বজনপ্রীতির মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা বণ্টন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ, কৃষি ভর্তুকি ও চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতি করেছেন।’

চাঁদাবাজি, অবৈধ অর্থ আদায়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও পুলিশি চাপ সৃষ্টি করে জমি ও খাসপুকুর জোরপূর্বক দখল করে নিচ্ছেন। তার নিজ বাসভবনের আন্ডারগ্রাউন্ডকে টর্চার সেল হিসেবে ব্যবহার করে দলীয় নেতা-কর্মীদের নির্যাতন চালিয়ে যাচ্ছেন, যা দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী এবং আমাদের জন্য চরম লজ্জাজনক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার চেয়ে বক্তারা বলেন, ‘এমপি টিপুর বিরুদ্ধে আনীত অভিযোগ সরকারি ও দলীয় সূত্রের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত করতে হবে। তার চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। গুরুতর আহত নেতা আবুল কালাম আজাদ ও শামসুল ইসলাম বাদলের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে মান্দা উপজেলা বিএনপির দলীয় শৃঙ্খলা ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।’

সংবাদ সম্মেলনে মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা ও ভারশো ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী বকুলসহ প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com