জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, যে প্রক্রিয়ায় শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে, সেই প্রক্রিয়া ও সেই প্রতিষ্ঠান অব্যাহত থাকলে আবারও একই পরিণতি ঘটবে।
তিনি বলেন, ‘পুরনো পদ্ধতিতে হাঁটলে নতুন গন্তব্যে পৌঁছানো যাবে না, এটা সুস্পষ্ট… মনে হচ্ছে, যেন বিএনপি পুরনো পথেই হাঁটছে।’
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেন অপরিহার্য?’ শীর্ষক সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। এতে রাজনৈতিক বিশ্লেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বৈঠকে বদিউল আলম মজুমদার বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য। কারণ আমরা পুরোনো পথে হাঁটতে চাই না। আবারও স্বৈরাচারী ব্যবস্থা দেখতে চাই না।’
তিনি অভিযোগ করেন, বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করছে না।
সাবেক অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, ‘তারা (বিএনপির সংসদ সদস্য) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। অনেকগুলো অধ্যাদেশ নিয়ে টালবাহানা করছে। গুরুত্বপূর্ণ বেশ কিছু অধ্যাদেশ বাতিল করছে। এর কারণ জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোট পাওয়া কি না’—এই প্রশ্নও তোলেন তিনি।
বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তাদের (বিএনপি) মাথা খারাপ হয়ে গিয়েছে। অতীতের ইতিহাস বলে, টু থার্ড মেজরিটি নিয়ে কিংবা তার বেশি নিয়ে যারাই ক্ষমতায় এসেছে, তারা নিজেদের জন্য কল্যাণ বয়ে আনে নাই। জনগণের জন্যও কল্যাণ বয়ে আনে নাই।’












