জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এই রোগের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় যে ১১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১০ জনের হামের উপসর্গ ছিল এবং নিশ্চিতভাবে হামে একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৩৬ জন। আর গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে। একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২৪ জন। গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৯৮ জন।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৪ হাজার ৬৩৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলা হিসাবেও ঢাকাতেই সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবে হামে মোট মৃত্যু হয়েছে ২১ জনের।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ১০ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।












