• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ্ ময়দানে লাখো মুসল্লির ঈদুল আজহার নামাজ আদায়

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ২:২১
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ২:২১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

নামাজ আদায় শেষে আল্লাহর কাছে দেশ ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

প্রথম জামাতে নামাজ আদায় করেন সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরুদ্দিন, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৯ আসনের এমপি মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির নেতা সোলায়ামান আলম শেঠ সহ বিশিষ্টজনরা।

মুসল্লিদের সুবিধার্থে পুরো এলাকায় ২০০ ফ্যান, ৭০টি মাইক এবং নিরাপত্তা নিশ্চিতে ৩০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরের ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

মসজিদগুলো হলো- লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহি জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকা (রা.) চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।

কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ঈদুল আজহার প্রধান ঈদ জামাত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান।

কমিটির আওতাভুক্ত নগরের ৯৪টি আঞ্চলিক ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম