ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে পুশইন ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে ঈদুল আজহার দিনেও সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
পশুর চামড়া পাচার রোধে আগামী কয়েক দিন সীমান্তে এই সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে বিজিবি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। ঈদুল আজহাকে কেন্দ্র করে এসব সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের চেষ্টা চালায় চোরাকারবারিরা।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, অবৈধভাবে ভারত থেকে যেন কাউকে পুশইন করা না হয় এবং কোরবানির পশুর চামড়া পাচার, মাদক ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবি সীমান্তে তৎপর রয়েছে।
তিনি বলেন, মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত থাকে, সে জন্য ঈদের দিনেও বিজিবি সদস্যরা বিরামহীনভাবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।












