জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
শনিবার দুপুর ১টা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং কর্মসূচি সফল করতে তারা বিভিন্ন স্লোগান দেন।
কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর ১৬টি স্পটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
তিনি বলেন, জিয়াউর রহমান মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। তার আদর্শকে ধারণ করে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
জানা যায়, জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি স্থানে একযোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে ঘিরে নয়া পল্টনে নেতাকর্মীদের উপস্থিতি আরও বেড়ে যায়।












