সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২১ জুন) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার ব্যক্তিগত কোনো কর্মকাণ্ড বা অপকর্মের দায় দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে রবিবার (২১ জুন) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে খাইরুল ইসলাম সজীবকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এ অভিযানে সহযোগিতা করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে রাজধানীর ভাটারা এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়ার পর সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে রবিবার সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, সজীবের বিরুদ্ধে কিছু লোকজন আমাদের কাছে চাঁদাবাজির অভিযোগ করেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে ভুক্তভোগীরা মামলা করবে।












