শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
কুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দকৃত কক্ষজুড়ে উইপোকার দাপট দেখে রাগে-ক্ষোভে সেখানে রাত্রি যাপন না করে অন্যত্র চলে গেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) লংমার্চ কর্মসূচি পালনের জন্য তিনি কুমিল্লায় আসেন।
মাহবুবর রহমান জানান, ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে শুক্রবার রাতে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) আসনের এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বুকিং করা হয়। রাত ১০টার দিকে তিনি ওই কক্ষে বিশ্রাম নিতে গেলে কক্ষজুড়ে প্রচুর উইপোকা দেখতে পান। এ সময় পুরো কক্ষ, ব্যবহারের আসবাবপত্র ও কম্বলেও প্রচুর উইপোকার উপস্থিতি দেখে সংশ্লিষ্ট কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন। একই সঙ্গে একটি কম্বলও চান তিনি। কিন্তু তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করা হয়নি। পরে এমপির এপিএস আরিফুর রহমান বিষয়টি মোবাইলে কুমিল্লার এনডিসিকে অবহিত করেন। এরপরও কোনো কার্যকর ব্যবস্থা না হওয়ায় একপর্যায়ে সার্কিট হাউস ত্যাগের সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় এ উপনেতা।
এদিকে কক্ষ জুড়ে ইউপোকার বেশ কিছু ছবি ও ভিডিও এরই মধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বলেন, কুমিল্লা সার্কিট হাউজ সুসজ্জিত একটি আধুনিক মানের ভবন। এটি দেখভাল করার জন্য সরকারি জনবলও আছে। কিন্ত ভিআইপি অতিথিদের জন্য আবাসনের ব্যবস্থা অত্যন্ত নাজুক।
সেখানে দেখলাম উইপোকার বেশ দাপট। তাই অপেক্ষা করেও বিকল্প কক্ষ না পেয়ে আমাদের নেতা (ডা. তাহের) সার্কিট হাউজ ছেড়ে অন্যত্র রাত্রি যাপন করছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) সরকারি নম্বরে কল করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, নতুন এ সার্কিট হাউজে আরও কক্ষ খালি ছিল। তবে অন্য একটি কক্ষের চাবি আনতে দেরি হওয়ায় তিনি, (বিরোধী দলীয় উপনেতা) চলে গেছেন।
আ/আ











