শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের দেওয়া সময়সীমা অনুযায়ী প্রস্তুতি ও পরিকল্পনা এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউনেসকোর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলেছেন-এ বিষয়ে ইসির পরিকল্পনা জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে নির্বাচন আয়োজনের সময়সূচিসহ বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাব এসেছে। সেগুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ প্রতিমন্ত্রীর বক্তব্যকে তিনি একটি ‘রেফারেন্স’ হিসেবে উল্লেখ করেন।
ইসি সচিব বলেন, ‘নির্বাচন আয়োজনের জন্য ভোটার তালিকা, প্রয়োজনীয় উপকরণ ও ভোটকেন্দ্র প্রস্তুত রয়েছে। এখন স্থানীয় বাস্তবতা বিবেচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে এসএসসি পরীক্ষা, রমজান, বিভিন্ন ধর্মীয় উৎসব ও জাতীয় কর্মসূচির বিষয়গুলো রয়েছে।’
সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি এখনই বলার মতো নয়। এটি ভবিষ্যতের বিষয়। তবে নির্বাচন ব্যবস্থাপনায় যেখানে যে ব্যবস্থা প্রয়োজন, সেখানে তা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ইসির জন্য একটি প্রত্যাশার মানদণ্ড তৈরি করেছে। স্থানীয় সরকার নির্বাচনেও সেই মানদণ্ড আরও উন্নত করার লক্ষ্য থাকবে।’












