• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টুকুর বক্তব্যকে ‘অশালীন’ বললো জামায়াত

প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:২৬
আপডেট: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:২৬

966026 1

টুকুর বক্তব্যকে ‘অশালীন’ বললো জামায়াত

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের ‘পরকীয়া প্রেম চলছে’- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর এ বক্তব্যকে ‘অশালীন’ বলছে জামায়াত। একই সঙ্গে টুকুর বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে আবদুল হালিম বলেন, ২৬ সেপ্টেম্বর বিএনপির এক সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জামায়াতে ইসলামী সম্পর্কে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত যে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা দেশবাসীকে বিস্মিত করেছে। এটি কোনো রাজনীতিবিদের ভাষা হতে পারে না। তার এ বক্তব্য স্বৈরাচারী শাসনকে প্রলম্বিত করার ক্ষেত্র তৈরি করবে।

তিনি বলেন, টুকুর বক্তব্যে গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করার ইঙ্গিত লুকিয়ে রয়েছে। যে মুহূর্তে দেশের সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, সে সময় তার এ বক্তব্য জাতিকে হতাশ করেছে। তার বক্তব্য থেকে প্রতীয়মান হয়, তিনি জনগণের ভাষা বুঝতে অক্ষম। তিনি জনগণের ভাষায় কথা বলতে পারেন না।

বিবৃতিতে আবদুল হালিম আরও বলেন, ‘জামায়াত’ শব্দকে ‘উর্দু’ ভাষা বলে ইকবাল হাসান মাহমুদ অজ্ঞতার পরিচয় দিয়েছেন। ভবিষ্যতে তাকে এ ধরনের ‘অসংলগ্ন’ বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগে এক সমাবেশে বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীকে সরকারের বেআইনি ঘোষণা না করা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের মুখে প্রায়ই শুনি, যেটা বুলি হয়ে গেছে। তারা প্রায়ই বলেন, বিএনপি-জামায়াত, বিএনপি-জামায়াত। আমি বলছি, এখন সময় এসেছে আওয়ামী-জামায়াত, আওয়ামী-জামায়াত বলার। জামায়াতও উর্দু, আওয়ামী লীগও উর্দু— দুটো একসঙ্গে মিলবে ভালো। কেননা, ওনারা (আওয়ামী লীগ) জামায়াতের নিবন্ধন বাতিল করে, কিন্তু বেআইনি ঘোষণা করে না। তাহলে কি আমি বলবো, ওনাদের পরকীয়া প্রেম চলছে!’

জামায়াত যুদ্ধাপরাধী দল, এ কথা স্বীকার করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আপনারা বলেন যুদ্ধাপরাধী দল। আমি অস্বীকার করি না। কিন্তু নিবন্ধন বাতিল করলেন, বেআইনি ঘোষণা করলেন না! তার অর্থ আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে তলে তলে বন্ধুত্ব করছে, তার জন্য বাতিল করে না। তাই আজ থেকে আওয়ামী-জামায়াত হবে, বিএনপি-জামায়াত আর হবে না।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com