• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দলের পরিচয় ব্যবহার করে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ইশরাক

প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ১২:০৮
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ১২:০৮

দলের পরিচয় ব্যবহার করে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ইশরাক

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায় সাহেব বাজারে এসএসসি পরীক্ষা-২০২৬-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রায় সাহেব বাজার পঞ্চায়েত কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইশরাক হোসেন বলেন, দলের রাজনৈতিক নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়ে কেউ অপকর্ম করলে তাকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। সাধারণত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দলের পরিচয়ই অপকর্মে ব্যবহার করা হয়। কারণ তখন বিরোধী দলের পরিচয় ব্যবহারের সুযোগ থাকে না।

তিনি বলেন, কিছু ব্যক্তি দলের পরিচয় ব্যবহার করে রাজনৈতিক নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হওয়ার চেষ্টা করছেন। গতকাল এ বিষয়ে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স’ কী, তা ২৪ ঘণ্টার মধ্যে দেখিয়ে দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলে তিনি তা মেনে পদত্যাগ করেছেন।

দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তা চিহ্নিত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। তাঁদের মধ্যে যারা সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করেন, তাদের ওপর তিনি ভরসা রাখেন। দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তারা তা চিহ্নিত করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা যখন সামনে থাকি, আবার আমরাও দেখি না পরে গিয়ে কী করেন। সেটা সব সময় সঠিক তথ্য পেতে সময় লাগে।’ এ কারণে সবাইকে ধৈর্যসহকারে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে ইশরাক হোসেন এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। জনগণ নিজেদের বিবেচনায় সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করবেন বলেও মন্তব্য করেন তিনি।

এলাকার বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যা ছিল। তবে এখন পরিস্থিতি কাটিয়ে ওঠা শুরু হয়েছে। দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে আগামী কয়েক বছরের মধ্যে লোডশেডিং বা কোনো ধরনের ঘাটতি না থাকে এবং পর্যাপ্ত মজুত রাখা যায়।

এলাকার ছোট-বড় যেকোনো সমস্যা দ্রুত তাকে জানানোর আহ্বান জানিয়ে ইশরাক বলেন, ‘আপনারা ছোট-বড় যেকোনো সমস্যায় চোখে পড়বেন। দ্রুত আমার কাছে নিয়ে আসবেন। দ্রুত আমরা সেটা সমাধান করব।’

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তারা পড়াশোনা করে ভালো ফলাফল করেছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে ভালো ক্যারিয়ার গড়ে তোলার জন্য তিনি তাদের শুভকামনা জানান।

অনুষ্ঠানে রায় সাহেব বাজার পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com