শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী এ সম্মেলনে যোগ দেন তিনি।Time &
সম্মেলনে উদ্বোধনী অধিবেশন ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের সংলাপে পাঁচটি কৌশলগত বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলো হলো পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় ক্ষমতার প্রতিযোগিতা, ভূ-রাজনীতি ও নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার পরিসর ও তথ্য ক্ষমতা, বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু সহনশীলতা ও মানবিক নিরাপত্তা এবং গণতন্ত্র, সুশাসন ও প্রাতিষ্ঠানিক আস্থা।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’।
তিন দিনের এ আয়োজনে বিশ্বের ১০০টির বেশি দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
কর্মসূচিতে থাকছে পূর্ণাঙ্গ অধিবেশন, নেতৃত্ববিষয়ক ফোরাম, কৌশলগত সংলাপ, স্টুডিও কথোপকথন, আমন্ত্রণভিত্তিক গোলটেবিল বৈঠক এবং ছোট পরিসরের বিভিন্ন আলোচনা। বিশেষ আলোচনার মধ্যে থাকছে ‘দ্য প্রাইম মিনিস্টারস অ্যাড্রেস’, ‘দ্য বে অব বেঙ্গল লেকচার’, ‘হোয়াই দ্য বে ম্যাটারস টু দ্য ওয়ার্ল্ড’, ‘দ্য নিউ স্ট্র্যাটেজিক মিডল’, ‘দ্য ফিউচার অব এশিয়া: পাওয়ার অ্যান্ড প্রুডেন্স’, ‘উইমেন শেপিং দ্য ফিউচার’ এবং ‘দ্য ইয়াং লিডার্স ফোরাম’। এ ছাড়া এবারের আয়োজনে ‘ডক স্পটলাইট’ নামে নতুন একটি পর্ব রাখা হয়েছে। এতে বক্তারা প্রচলিত দীর্ঘ আলোচনার বাইরে নিজেদের বিশেষ কোনো ধারণা বা দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ পাবেন। এসব আলোচনায় ভূ-রাজনীতি ও সংঘাতের পাশাপাশি সমুদ্র, নেতৃত্ব, আধ্যাত্মিকতা, মানবিকতা ও মানবিক সহনশীলতার মতো বিষয়ও উঠে আসবে।













