• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৫:৫৪
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৫:৫৪

আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

একই সঙ্গে আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। ৫ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে তিনি মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।

এশিয়া-প্যাসিফিক গ্রুপের ৩৭টি সদস্যদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনেও বাংলাদেশের প্রার্থীর বিজয় আন্তর্জাতিক সংসদীয় পরিসরে দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দলের সঙ্গে তানজানিয়া সফরে রয়েছেন। তিনি এক তথ্যবিবরণীতে স্পিকারের এপিজি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ এবং জহরত আদিব চৌধুরীর আইপিইউ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলি তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশের স্পিকার এ সম্মেলনে দেশের সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এপিজির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় আঞ্চলিক সংসদীয় সহযোগিতা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক সংসদীয় কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় ভূমিকা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com