শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সৌদি আরবে চলমান সংঘাতের মধ্যে রিয়াদের বিভিন্ন হাসপাতালে ২৪ জনের বেশি বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। এ পর্যন্ত দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে ‘পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পথপরিক্রমা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ক্রমবর্ধমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের বিষয়ে শামা ওবায়েদ বলেন, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জ্বালানি মন্ত্রণালয় বিকল্প উৎস অনুসন্ধান করছে। জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরবে রয়েছেন এবং দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করছেন। তবে জ্বালানি সরবরাহে তাৎক্ষণিকভাবে বড় ধরনের বিঘ্নের কোনো ইঙ্গিত সরকার পায়নি।
সংঘাতের প্রভাব প্রবাসীদের কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, ইতোমধ্যে কিছু প্রবাসী কর্মসংস্থান হারিয়ে দেশে ফিরেছেন। অনেকে কর্মহীন অবস্থায় ওই অঞ্চলে রয়েছেন। শুধু সৌদি আরবেই ৩০ লাখের বেশি বাংলাদেশি বসবাস করছেন। এ পরিস্থিতিতে প্রচলিত শ্রমবাজারের ওপর নির্ভরতা কমাতে নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং দক্ষ ও বৈধ অভিবাসনে উৎসাহ দিচ্ছে সরকার।
সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলা, বিশেষ করে দেশটির বিমান চলাচল অবকাঠামোয় হামলার ঘটনায় নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। এসব হামলায় বাংলাদেশ ও রিয়াদের মধ্যে আকাশপথে যোগাযোগ ব্যাহত হয়েছে। ফ্লাইট স্থগিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া ও রিয়াদ এয়ারওয়েজের মোট ১০টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এতে ৩ হাজার ৪৩১ জন যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিআইআইএসএসের গবেষণা ফেলো আয়েশা বিনতে তৌহিদ, গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির, গবেষণা ফেলো এএসএম তারেক হাসান সেমুল এবং গবেষণা পরিচালক ড. সুফিয়া খানম। স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান। তিনি অধিবেশনে সভাপতিত্ব করেন।













