• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০
আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রতিমন্ত্রী টুকু

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু এমপি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে। তবে জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না। বাংলাদেশের মানুষ অতীতেও বিভিন্ন সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করেছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না, কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় বাংলাদেশি পরিচয়কে ধারণ করে সবাইকে একসাথে এগিয়ে যাওয়ার কথা বলেন। এই চেতনাকে ধারণ করে দেশের শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মিলেমিশে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে। দেশের মানুষের ঐক্য ও সম্প্রীতি অটুট রাখতে সবাইকে আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিভিন্ন সহায়তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পূজা উদ্‌যাপনের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বরাদ্দ ও সহায়তা সরকারি নির্দেশনা এবং নির্ধারিত নীতিমালা অনুসারে বণ্টন করতে হবে।

সভায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মাদক এখন দেশের জন্য একটি গুরুতর সমস্যা। এ সমস্যা নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বিষয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পূজার সময় মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলা ও পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি, পূজা উদ্‌যাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com