• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সরকারকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১২:৫৮
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১২:৫৮

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এতদিন সরকারকে সহযোগিতা করার কথা বললেও এখন থেকে দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবে জামায়াতে ইসলামী। বিরোধী দলের সহযোগিতা নিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের ১ বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।

সরকারের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আমরা চাইনি তাদের পতন, চেয়েছিলাম তাদের সফলতা। তাদের সফলতা মানে দেশের সফলতা। আমরা এতদিন বলতাম, আমরা সরকারকে সহযোগিতা করব। আজকে থেকে ঘোষণা দিচ্ছি, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব। এই সরকার আমাদের সহযোগিতা নিতে ব্যর্থ। ওদের কোনো যোগ্যতা নেই বিরোধী দলের সহযোগিতা নেওয়ার।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা সবার আগে বাংলাদেশের স্লোগান দিলেও সবার আগে বাংলাদেশ নয়। সবার আগে তারা নিজে, নিজের পরিবার, তার সন্তান, তার ভাগনা, তার ভাতিজা, তার শ্বশুর, তার স্ত্রী—এগুলো সবার আগে। আমরা সিন্ডিকেটের কাছে প্রিয় বাংলাদেশকে তুলে দেব না। ওই দিন শেষ। যুবকরা জেগে উঠেছে, পূর্ণ মুক্তি না আসা পর্যন্ত ওরা ঘুমাবে না। আর আমরা যুবকদের সঙ্গে তাদের চেয়েও আরও শক্তিশালী যুবক হয়ে কাজ করব ইনশাআল্লাহ।’

২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, ওই আন্দোলনে তরুণরা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মতে, জ্বালাও-পোড়াও ছাড়াই ঈমানি শক্তি ও দেশপ্রেম নিয়ে রাজপথে দাঁড়ালে ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব। এই অভিজ্ঞতা তাঁদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা। এ পথ অনুসরণ করেই তাঁরা এগিয়ে যাবেন এবং নব্য ফ্যাসিবাদেরও পতন ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, ৫ আগস্ট দুপুর পর্যন্ত বিএনপি একটি মজলুম দল ছিল। কিন্তু এরপর রাতারাতি তারা অতীত ভুলে গেছে। জুলাই সনদের কয়েকটি বিষয়ে ভিন্নমত থাকলেও গণভোটের বিষয়ে বিএনপি কোনো ভিন্নমত জানায়নি বলে দাবি করেন তিনি।

শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী চেয়েছিল, গণভোট আগে অনুষ্ঠিত হোক, যাতে এটি অনিশ্চয়তার মধ্যে না পড়ে। কিন্তু বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের দাবি জানিয়েছিল।

তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচন কমিশন জানিয়েছিল, একই ব্যক্তি দুটি শপথ নেবেন। কিন্তু বিএনপির সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তাঁর অভিযোগ, এর মধ্য দিয়ে বিএনপি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

জামায়াত আমির বলেন, জাতি একটি ভোটের মাধ্যমে পাঁচ বছর দেশ পরিচালনার জন্য সরকার গঠনের ম্যান্ডেট দিয়েছে এবং আরেকটি ভোটের মাধ্যমে রাষ্ট্র মেরামতের পক্ষে রায় দিয়েছে। বিএনপি এই দুই ভোটের যথাযথ মূল্যায়ন করলে জামায়াতকে আপাতত এক সেকেন্ডের জন্যও সংসদের বাইরে আন্দোলন করতে হতো না বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, বিএনপিই তাঁদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন দলটির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এতে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ অন্যরা।

 

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম