শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় উচ্ছেদ অভিযানের পর এবার তৈরি হচ্ছে ২৬ ফুট প্রশস্ত সড়ক। দীর্ঘদিন ধরে অপরাধের আখড়া হিসেবে পরিচিত রেললাইনসংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা সরানোর কাজ শেষপর্যায়ে রয়েছে। সড়কটি নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কার্যক্রম জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সোমবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকা পরিদর্শন শেষে স্থানীয় বিএনপি নেতারা ও এলাকাবাসী এসব তথ্য জানান।
পরিদর্শন শেষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন এমপি বলেন, রেললাইনের পাশে রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে প্রায় আড়াই কিলোমিটার এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের আস্তানা গড়ে তোলা হয়েছিল। সেখানে অবৈধ বেচাকেনাসহ নানা অপরাধ চলত। ইতিমধ্যে উচ্ছেদ কার্যক্রমে ২৬ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের পরিবেশ প্রায় তৈরি হয়েছে। কয়েকটি অস্থায়ী স্থাপনা সরানোর কাজ বাকি রয়েছে।
ইশরাক হোসেন আরও বলেন, সড়কটি নির্মিত হলে বিভিন্ন মহল্লার সংযোগ সড়কগুলো খুলে যাবে। সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন সহজে চলাচল করতে পারবে। সড়ক নির্মাণের পাশাপাশি এলাকায় স্ট্রিট লাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
উদ্যোগটির সুফল সম্পর্কে তিনি বলেন, এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা এর সুফল পাবে। পর্যায়ক্রমে বাকি অপরাধের স্পটগুলো পুরোপুরি নির্মূল করা হবে। এ জন্য জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে পর্যাপ্ত রাস্তা না থাকায় ওই এলাকায় নিয়মিত পুলিশি টহল পরিচালনা করা কঠিন ছিল। নতুন সড়ক নির্মিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ এবং গেন্ডারিয়া ও শ্যামপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












