• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে – নাহিদ ইসলাম

প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৪:২৩
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৪:২৩

বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে - নাহিদ ইসলাম
 

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। আমরা মনে করি এখনো বিএনপি যে সরকারে আছে, তা গায়ের জোরে আছে। অতীতেও আমরা দেখেছি গায়ের জোরে অনেকেই ক্ষমতায় ছিল তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি।

শুক্রবার সকালে গাইবান্ধায় এনসিপির আঞ্চলিক সমন্বয় সভার আগে জেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, স্থানীয় নির্বাচন সামনে রেখে আমরা কর্মসূচি পালন করছি। এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। সে কারণে আমরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছি। গায়ের জোরে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। ৫ বছর তাদের ক্ষমতায় থাকতে হলে অবশ্যই গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, অনৈক্য কারা সৃষ্টি করেছে এটা আপনাদের খতিয়ে দেখতে হবে। ৫ আগস্টের পর থেকে কারা শুধু নিজেদের চেয়ারের কথা বলেছে, নিজেদের ক্ষমতায় যাওয়ার কথা বলেছে, কিন্তু দেশ পরিবর্তনের কথা ভাবেনি, দেশের সংস্কারের কথা যারা ভাবেনি, তারাই অনৈক্য তৈরি করেছে। তারা এখন দেশের ঐক্যের কথা বলছে, যখন তারা আওয়ামী লীগকে ট্যাকেল করতে পারছে না। এনসিপি ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করেছে। তাদের নিষিদ্ধ করেছে, বিচারের মুখোমুখি করেছে। সব পদক্ষেপ কিন্তু এই ছাত্র আন্দোলনের ফল। কিন্তু বিএনপি এ পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের একটা পদক্ষেপ নিয়েছে বিএনপি। সেটা আমরা নির্বাচনের আগেও দেখেছি এখনো দেখছি— আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা সমঝোতা আছে। আমরা বলব, এই জায়গা থেকে বিএনপির বের হয়ে আসা উচিত। জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করতে সুযোগ করে দেওয়া যে ভুল করেছে তার মাসুল কিন্তু বিএনপিকে দিতে হয়েছে, তারেক রহমানকে ১৬ বছর দেশের বাইরে কাটাতে হয়েছে। বেগম জিয়াকে বছরের পর বছর কারাগারে থেকে নিজের জীবন নিঃশেষ করতে হয়েছে।

তিনি বলেন, সেখান থেকে বিএনপি যদি শিক্ষা না নেয়, তাহলে এর পরিণতি কী হবে তা বলতে পারি না। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ড. আতিক মুজাহিদ এমপি, ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, মো. মোশারফ হোসাইনসহ অন্যান্য নেতা। পরে জেলা পরিষদ মিলনায়তনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় যোগ দেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম