• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

আক্রমণ হলে ভৌগোলিক সীমানার বাইরেও মার্কিন সম্পদে আঘাত হানার হুঁশিয়ারি ইরানের

প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৪:৫৩
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৪:৫৩

আক্রমণ হলে ভৌগোলিক সীমানার বাইরেও মার্কিন সম্পদে আঘাত হানার হুঁশিয়ারি ইরানের
 

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আক্রমণ করা হলে কোনো ধরনের ‘ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করে’ সব মার্কিন সম্পদে আঘাত হানার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র নমনীয়তা দেখালে দুই দেশের মধ্যে সম্ভাব্য চুক্তির পথ সহজ হতে পারে।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো আক্রমণ বা শত্রুতামূলক কর্মকাণ্ডের কারণে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে না। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের দেওয়া ৭টি শর্ত যুক্তরাষ্ট্র মেনে নিলেই কেবল এই সামুদ্রিক পথটি পুনরায় খুলে দেওয়া সম্ভব।

তিনি সতর্ক করে বলেন, আমাদের শত্রুর (যুক্তরাষ্ট্র) দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের বাইরেও ঘাঁটি রয়েছে এবং সেখানে তাদের সরঞ্জাম ও বাহিনী মোতায়েন আছে। যদি ইরানে হামলা হয়, তবে সশস্ত্র বাহিনী ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা না করেই আমেরিকান শত্রুর সব লক্ষ্যবস্তুতে আক্রমণ করবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক নেতাদের সঙ্গে বৈঠকে শত্রুর যেকোনো হঠকারিতা বা আগ্রাসনের এমন দ্রুত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন, যেন তারা অনুতপ্ত হয়।

তবে এর পাশাপাশি সমঝোতার সুরও শোনা গেছে। ইরানের সাবেক কূটনীতিক হাদি আফগাহি আল জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নমনীয় হয়, তবে তেহরান চুক্তির পথ সহজ করতে পারে। তিনি যুক্তি দেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই যুদ্ধে জড়াতে চান না, কারণ যুদ্ধ তাকে আরও খরচের মুখে ফেলবে।

আফগাহি মনে করেন, কাতারের মাধ্যমে ইরানের পাঠানো প্রস্তাব যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকানদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এ ছাড়া নতুন মার্কিন কংগ্রেস দায়িত্ব নিলে যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ওপর ডেমোক্র্যাটদের চাপ প্রয়োগের প্রতিশ্রুতি এবং সম্প্রতি মস্কো সফরে যুদ্ধ শেষ করতে পুতিনের সহায়তার আশ্বাসকেও তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তার মতে, ট্রাম্পের আশপাশে থাকা যুদ্ধবাজ উপদেষ্টারা, বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উসকানি পরিস্থিতি জটিল করতে পারে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম