যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রিপাবলিকান পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের পর কে আসবেন—সে প্রশ্ন এখন থেকেই আলোচনায়। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনায় দুটি নাম বারবার আসছে। একজন জেডি ভ্যান্স, বর্তমান ভাইস প্রেসিডেন্ট। অন্যজন মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। দুজনই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। দুজনেরই রয়েছে প্রেসিডেন্ট হওয়ার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। কিন্তু তাঁদের রাজনৈতিক পথ, অভিজ্ঞতা ও বিশ্ব দৃষ্টিভঙ্গি এক নয়।
প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের মতো একটি জটিল রাষ্ট্র পরিচালনার জন্য কে বেশি প্রস্তুত? অভিজ্ঞতা, নেতৃত্ব, আন্তর্জাতিক সম্পর্ক বোঝার ক্ষমতা এবং দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধানে কার দৃষ্টিভঙ্গি কতটা কার্যকর হতে পারে?
এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে দুজনের রাজনৈতিক জীবন ও কাজের ধরন পাশাপাশি দেখতে হবে।
অভিজ্ঞতার পাল্লায় রুবিও
মার্কো রুবিওর রাজনৈতিক জীবনের শুরু ফ্লোরিডায়। ১৯৭১ সালে মায়ামিতে জন্ম নেওয়া রুবিওর মা–বাবা ছিলেন কিউবা থেকে আসা অভিবাসী। তিনি আইন বিষয়ে পড়াশোনা শেষে স্থানীয় রাজনীতিতে যুক্ত হন। ২০০০ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্য আইনসভার সদস্য নির্বাচিত হন। পরে সেই আইনসভার স্পিকারও হয়েছিলেন।
২০১১ সালে ফ্লোরিডা থেকে রিপাবলিকান পার্টির সিনেটর হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন রুবিও। টানা তিন মেয়াদে সিনেটের সদস্য ছিলেন। ২০১৬ সালে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার চেষ্টাও করেছিলেন। যদিও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কাছে সেই প্রতিযোগিতায় হেরে যান।
২০২৫ সালের ২১ জানুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন রুবিও। ফলে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতার পরিসর স্থানীয় আইনসভা থেকে শুরু করে জাতীয় আইন প্রণয়ন এবং আন্তর্জাতিক কূটনীতি পর্যন্ত বিস্তৃত।
প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা বিবেচনায় এ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে শুধু দেশের অভ্যন্তরীণ প্রশাসন সামলাতে হয় না; আন্তর্জাতিক সংকট, সামরিক জোট, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের মতো বিষয়েও সিদ্ধান্ত নিতে হয়।
এসব বিষয়ে রুবিওর দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে লাতিন আমেরিকা, চীন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্য নিয়ে তাঁর অবস্থান ও বক্তব্য দীর্ঘদিন ধরে মার্কিন রাজনীতির আলোচনায় রয়েছে।
ভ্যান্সের উত্থান, রাজনীতিতে তুলনামূলক নতুন মুখ
জেডি ভ্যান্সের রাজনৈতিক জীবন রুবিওর তুলনায় অনেক ছোট। ১৯৮৪ সালে ওহাইওর মিডলটাউনে জন্ম তাঁর। শৈশব কেটেছে অর্থনৈতিক অনিশ্চয়তা ও পারিবারিক নানা সংকটের মধ্যে। স্কুলের পড়া শেষে যুক্তরাষ্ট্রের মেরিন কোরে চার বছর কাজ করেছেন। ইরাকেও দায়িত্ব পালন করেছেন।
পরে জেডি ভ্যান্স ওহাইও স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে ইয়েল ল স্কুলে ভর্তি হন। আইন পেশার পর বিনিয়োগ ব্যবসায় যুক্ত হন। তাঁর লেখা স্মৃতিকথা ‘হিলবিলি এলিজি’ তাঁকে জাতীয় পরিচিতি এনে দেয়। বইটিতে যুক্তরাষ্ট্রের গ্রামীণ ও শ্রমজীবী মানুষের অর্থনৈতিক সংকট, সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক হতাশার চিত্র উঠে এসেছে।
২০২২ সালে ওহাইও থেকে সিনেটর নির্বাচিত হন ভ্যান্স। তবে সিনেটে তাঁর মেয়াদ দীর্ঘ হয়নি। মাত্র দুই বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প তাঁকে রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বেছে নেন। নির্বাচনে ট্রাম্পের জয়ের মধ্য দিয়ে ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভ্যান্স।
ভ্যান্সের রাজনৈতিক পরিচয়ের বড় অংশজুড়ে রয়েছে শ্রমজীবী ও মধ্যবিত্ত আমেরিকানদের স্বার্থের কথা বলা। শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া, কাজের সুযোগ কমে যাওয়া, অভিবাসন এবং বৈশ্বিক বাণিজ্যনীতির প্রভাব নিয়ে তিনি সরব।
ভ্যান্সের রাজনৈতিক উত্থান দেখিয়েছে, রিপাবলিকান পার্টির একটি বড় অংশ এখন শুধু প্রচলিত রক্ষণশীল অর্থনৈতিক নীতিতে সন্তুষ্ট নয়, তারা এমন নেতৃত্ব চায়, যারা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্প ও শ্রমবাজারকে অগ্রাধিকার দেবে।
পররাষ্ট্রনীতিতে দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি
রুবিও ও ভ্যান্সের মধ্যে সবচেয়ে স্পষ্ট পার্থক্য দেখা যায় পররাষ্ট্রনীতিতে। রুবিও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নেতৃত্বের পক্ষে কথা বলেছেন। তাঁর দৃষ্টিভঙ্গিতে বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা, মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর প্রভাব মোকাবিলা গুরুত্বপূর্ণ।
চীনকে রুবিও যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন। লাতিন আমেরিকায় চীনের প্রভাব বিস্তার নিয়েও তাঁর উদ্বেগ রয়েছে। রাশিয়ার বিষয়ে তাঁর অবস্থানও তুলনামূলক কঠোর। ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন।
অন্যদিকে ভ্যান্স যুক্তরাষ্ট্রের বিদেশি সামরিক সম্পৃক্ততা নিয়ে অনেক বেশি সতর্ক। ইউক্রেনকে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন তিনি। তাঁর যুক্তি, যুক্তরাষ্ট্রের সম্পদ ও সামরিক সক্ষমতা দেশের নিজস্ব নিরাপত্তা এবং চীনের সঙ্গে প্রতিযোগিতায় বেশি মনোযোগী হওয়া উচিত।
ভ্যান্সের এ অবস্থানকে অনেক বিশ্লেষক ‘আমেরিকা ফার্স্ট’ নীতির একটি অপেক্ষাকৃত অনমনীয় রূপ হিসেবে দেখেন। বিদেশে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ার বদলে দেশের অর্থনীতি ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়াই তাঁর বক্তব্যের মূল কথা।
২০২৬ সালের জুনে ইরানকে ঘিরে উত্তেজনা এবং কূটনৈতিক আলোচনায় দুই নেতার পার্থক্য আরও স্পষ্ট হয়। ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সকে নেতৃত্ব দিতে দেখা যায়। অন্যদিকে লেবানন প্রশ্নে কূটনৈতিক তৎপরতায় ভূমিকা রাখেন রুবিও। ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে ভ্যান্সের কিছু সমালোচনামূলক বক্তব্যও আলোচনায় আসে। রুবিও এ বিষয়ে তুলনামূলকভাবে ইসরায়েলের প্রতি সমর্থন বজায় রেখেছেন।
তবে দুজনই প্রকাশ্যে বলেছেন, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই।
অর্থনীতিতে কার চিন্তা কতটা আলাদা
অর্থনীতির প্রশ্নেও দুজনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তবে এখানে তাঁদের অবস্থান পুরোপুরি বিপরীত নয়।
ভ্যান্সের রাজনৈতিক বক্তব্যে শ্রমজীবী মানুষের আয়, শিল্পকারখানা ফিরিয়ে আনা, আমদানি নিয়ন্ত্রণ এবং চীনের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতা বিশেষ গুরুত্ব পায়। তিনি মনে করেন, কয়েক দশকের বিশ্বায়ন যুক্তরাষ্ট্রের অনেক শ্রমিক ও শিল্পাঞ্চলকে ক্ষতিগ্রস্ত করেছে।
এ কারণে প্রচলিত রিপাবলিকান অর্থনৈতিক নীতির কিছু জায়গায় ভ্যান্সের অবস্থান ভিন্ন। তিনি শ্রমিকদের স্বার্থে করপোরেট প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ এবং একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষেও কথা বলেছেন।
রুবিওর অর্থনৈতিক চিন্তায়ও শিল্পোন্নয়ন, কর্মসংস্থান ও চীনের সঙ্গে প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। তবে তাঁর রাজনৈতিক অবস্থান ঐতিহ্যবাহী রিপাবলিকান অর্থনৈতিক চিন্তার সঙ্গে তুলনামূলকভাবে বেশি সম্পর্কিত। জাতীয় নিরাপত্তার সঙ্গে শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতার সম্পর্ককে তিনি বিশেষ গুরুত্ব দেন।
দুজনেরই বক্তব্যে যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্প পুনর্গঠন ও চীনের ওপর নির্ভরতা কমানোর বিষয়টি রয়েছে। পার্থক্য হলো অর্থনৈতিক নীতি বাস্তবায়নে রাষ্ট্রের ভূমিকা কতটা বিস্তৃত হওয়া উচিত—সেই প্রশ্নে তাঁদের চিন্তার মধ্যে ফারাক রয়েছে।
ট্রাম্পের উত্তরাধিকার কে বহন করবেন
রুবিও ও ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎ বুঝতে হলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁদের সম্পর্কও বিবেচনায় নিতে হবে।
রুবিও একসময় ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। ২০১৬ সালের রিপাবলিকান মনোনয়ন প্রতিযোগিতায় দুজনের মধ্যে তীব্র বাক্যবিনিময় হয়েছিল।
২৬ ফেব্রুয়ারি ২০১৬, হিউস্টনে রিপাবলিকান বিতর্কে রুবিও ট্রাম্পের ব্যবসায়িক সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ ছিল, ট্রাম্প নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে তুলে ধরলেও তাঁর ব্যবসায় একাধিকবার দেউলিয়াত্বের আশ্রয় নেওয়ার ঘটনা রয়েছে।
রুবিও কটাক্ষ করে বলেন, ট্রাম্প যদি বাবার কাছ থেকে বিপুল অর্থ না পেতেন, তাহলে হয়তো তাঁকে ম্যানহাটানে ঘড়ি বিক্রি করতে হতো। ট্রাম্প এ আক্রমণকে ভুল বলে প্রত্যাখ্যান করেন।
ট্রাম্প রুবিওকে প্রায়ই ‘লিটল মার্কো’ বলে সম্বোধন করতেন। রুবিও এর জবাবে ট্রাম্পকে ‘মিস্টার মেল্টডাউন’ বলে বিদ্রূপ করেন।
২০১৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে ভার্জিনিয়ায় এক নির্বাচনী সমাবেশে রুবিও ট্রাম্পের হাতের আকার নিয়ে ঠাট্টা করেন। তিনি বলেন, ট্রাম্পের হাত নাকি এমন ছোট, যেন ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার কোনো মানুষের হাত। এরপর রুবিও বলেন, ছোট হাতের পুরুষদের বিশ্বাস করা যায় না।
৩ মার্চ ২০১৬ ডেট্রয়েটে টেলিভিশনে সম্প্রচারিত বিতর্কে ট্রাম্প এর জবাব দেন। তিনি দর্শকদের সামনে নিজের দুই হাত তুলে বলেন, হাত ছোট হলে শরীরের অন্য একটি অঙ্গও ছোট হওয়ার কথা। এরপর বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি, এ নিয়ে কোনো সমস্যা নেই।’
এটি ছিল সেই নির্বাচনী বিতর্কের সবচেয়ে আলোচিত ও অস্বস্তিকর মুহূর্তগুলোর একটি।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রুবিও ট্রাম্পের রাজনৈতিক বলয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। এখন তাঁর দায়িত্বের পরিসর শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ে সীমাবদ্ধ নয়, জাতীয় নিরাপত্তা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনাতেও তিনি ভূমিকা রাখছেন।
ভ্যান্সের ক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক সাদৃশ্য আরও বেশি। তিনি ট্রাম্পের সমর্থকদের কাছে গ্রহণযোগ্য এবং মাগা (এমএজিএ—মেক আমেরিকা গ্রেট এগেইন) আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ। ট্রাম্পের রাজনৈতিক দর্শনকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁকে একজন সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়।
তবে ট্রাম্পের উত্তরাধিকার বহন করা আর নিজের স্বতন্ত্র নেতৃত্ব প্রতিষ্ঠা করা এক বিষয় নয়। প্রেসিডেন্ট হওয়ার জন্য দলের সমর্থন যেমন প্রয়োজন, তেমনি নিজের রাজনৈতিক পরিচয় ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও প্রতিষ্ঠা করতে হয়।
এ জায়গায় দুজনের সামনে আলাদা চ্যালেঞ্জ রয়েছে। রুবিওকে দেখাতে হবে, তিনি শুধু দক্ষ কূটনীতিক নন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতৃত্ব দিতে পারেন। আর ভ্যান্সকে প্রমাণ করতে হবে, ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনের বাইরেও একটি বিশাল প্রশাসন পরিচালনার মতো অভিজ্ঞতা ও সক্ষমতা তাঁর রয়েছে।
প্রশ্নটি অভিজ্ঞতা, না নতুন নেতৃত্বের
রুবিও ও ভ্যান্সের তুলনায় একটি বিষয় স্পষ্ট। রুবিওর রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও আইন প্রণয়নের অভিজ্ঞতা, আন্তর্জাতিক কূটনীতির সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততা এবং প্রশাসনিক দায়িত্ব পালনের সুযোগ। অন্যদিকে ভ্যান্সের রয়েছে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী কাঠামোর ভেতরে কাজ করার অভিজ্ঞতা, সামরিক পটভূমি এবং শ্রমজীবী আমেরিকানদের মধ্যে রাজনৈতিক পরিচিতি।
রুবিওর শক্তির জায়গা তাঁর অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সম্পর্ক বোঝার ক্ষমতা। ভ্যান্সের রাজনৈতিক পরিচয়ের কেন্দ্রে রয়েছে নতুন প্রজন্মের রক্ষণশীল রাজনীতি, অর্থনৈতিক জাতীয়তাবাদ এবং ট্রাম্পপন্থী ভোটারদের সঙ্গে সংযোগ।
কিন্তু প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা শুধু অভিজ্ঞতার বছর দিয়ে মাপা যায় না। একজন নেতার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সংকট মোকাবিলার দক্ষতা, ভিন্নমতের সঙ্গে কাজ করার সামর্থ্য এবং দেশের দীর্ঘমেয়াদি স্বার্থ বোঝার ক্ষমতাও গুরুত্বপূর্ণ।
২০২৮ সালের নির্বাচন এখনো অনেক দূরে। তার আগে ট্রাম্প প্রশাসনের বাকি সময়, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক সংকট এবং রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ সমীকরণ অনেক কিছু বদলে দিতে পারে।
রুবিও অবশ্য আপাতত ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কোনো আলোচনা করতে চান না। সম্প্রতি তিনি বলেছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দিন পর্যন্ত তাঁর প্রশাসনে কাজ করাই তাঁর পরিকল্পনা। ২০২৮ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আর ২০২৮ নিয়ে কথা বলব না। একেবারেই না।’ এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিয়ে চলা জল্পনা থেকে আপাতত নিজেকে দূরে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।
তাই এখনই বলা কঠিন, শেষ পর্যন্ত রিপাবলিকান পার্টির নেতৃত্বের লড়াই কোথায় গিয়ে দাঁড়াবে। আলোচনায় তাঁদের বাইরে রন ডিস্যান্টিস ও টেড ক্রুজের নামও আছে। রন ডিস্যান্টিস ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর। ২০১৯ সাল থেকে এ দায়িত্বে রয়েছেন। ইয়েল বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড ল স্কুলের সাবেক শিক্ষার্থী এবং মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান মনোনয়ন প্রতিযোগিতায় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডিস্যান্টিস। অন্যদিকে টেড ক্রুজ টেক্সাসের রিপাবলিকান সিনেটর। ২০১৩ সাল থেকে সিনেটে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন প্রতিযোগিতায় ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বীদের একজন ছিলেন।
তবে রুবিও ও ভ্যান্সের রাজনৈতিক অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির পার্থক্য একটি বড় প্রশ্ন সামনে এনে দিয়েছে—ট্রাম্প-পরবর্তী যুক্তরাষ্ট্র কি অভিজ্ঞ কূটনীতিকের নেতৃত্ব চাইবে, নাকি নতুন প্রজন্মের জাতীয়তাবাদী রাজনীতিকের হাতে দায়িত্ব তুলে দেবে?
তথ্যসূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, ওয়াশিংটন পোস্ট ও হোয়াইট হাউস












