• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বাংলাদেশে ভারতের দাসত্ব প্রতিষ্ঠা করতে চায় আ লীগ: শামসুজ্জামান দুদু

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৫:৪৮
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৫:৪৮

বাংলাদেশে ভারতের দাসত্ব প্রতিষ্ঠা করতে চায় আ লীগ শামসুজ্জামান দুদু
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ জন্মগতভাবেই সন্ত্রাসী দল। বিরোধী দলে থাকলেও আগুন দেয়, সরকারে থাকলেও আগুন দেয়। শেখ হাসিনা তিনবার গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশের অস্তিত্ব বিপন্ন করেছিলেন। আগুন-সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দলটি প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না, ভারতের দাসত্ব প্রতিষ্ঠা করতে চায়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না। গোপালগঞ্জে আগুন দেওয়া হচ্ছে, বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে। এভাবে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং নির্বাচিত সরকারকে চ্যালেঞ্জ করছে।

তিনি বলেন, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে বিএনপি তার কর্মীদের এখনও নিবৃত রেখেছে। তবে বাংলার মানুষ জেগে উঠলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে আওয়ামী লীগকে সতর্ক করেন তিনি।

দলটি নেতাকর্মীদের লক্ষ্য করে দুদু বলেন, আপনাদের নেত্রী পালিয়েছেন। কিন্তু আপনাদের লোকজন তো এখনও দেশের মধ্যেই আছেন। যারা লুটেরা, যারা খুনি, যারা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছিলেন, তারা হয়তো পালিয়েছেন। কিন্তু আপনাদের নিরীহ কিছু কর্মী তো দেশে আছেন, ব্যবসা করছেন, বাড়িঘরে আছেন। আপনারা ভারতে বসে যা করছেন, তাতে আগুন দিয়ে প্রমাণ করেছেন, বাংলাদেশ আপনারা চান না; ভারতের দাসত্ব চান।

দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র রক্ষার শপথ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদকে কীভাবে প্রতিহত করতে হয়, তা এ দেশের মানুষ জানে।

তিনি বলেন, শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছিল। তার নেতৃত্বে রণাঙ্গনে যুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের যারা বিপন্ন করতে চায়, তাদের সঙ্গে কোনও আপস নেই। তাদের কঠিনভাবে প্রতিহত করতে হবে।

অনুষ্ঠানে ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি শেখ লুৎফুর রহমানসহ জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম