• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঢাকা

‘এক মাস আগে চাঁদা চেয়েছি, সমঝোতা করিসনি কেন’ বলেই গুলি

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:১৮
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:১৮

এক মাস আগে চাঁদা চেয়েছি, সমঝোতা করিসনি কেন’ বলেই গুলি
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে ঢুকে ১০ লাখ টাকা এককালীন চাঁদা ও মাসে এক লাখ টাকা দেওয়ার দাবি করেছিল দুর্বৃত্তরা। ঘটনার এক মাস পরও চাঁদার টাকা না দেওয়ায় গতকাল (১৫ নভেম্বর) সন্ধ্যায় চার ব্যক্তি ওই কার্যালয়ে গিয়ে কর্মীদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হন। পরে কার্যালয়ের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

 

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রামপুরার ওয়াপদা রোডে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে দেখা যায়, কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কার্যালয়ের ব্যবস্থাপকসহ কয়েকজন কর্মী সেখানে উপস্থিত আছেন। ঘটনার সময় গুলিবিদ্ধ হওয়া কর্মী হাবিবুর রহমানও তাদের সঙ্গে আছেন। তার হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। কথা বলার সময় তার কণ্ঠে আতঙ্কের ছাপ ছিল। তবে গুলিবিদ্ধ আরেক কর্মী সাজু আহমেদ তখন অফিসে ছিলেন না।

গুলিবিদ্ধ কর্মী হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ঘটনার সময় কার্যালয়ে মোট চারজন ছিলেন। তাদের মধ্যে একজন নতুন কর্মী বাইরে যোগদানের অপেক্ষায় ছিলেন। ভেতরে ছিলেন তিনি, টিপু ও সাজু। সাধারণত গ্রাহকরা ইন্টারনেট বিল দিতে কার্যালয়ে আসেন। ঘটনার দিনও দরজায় নক করার পর নতুন কর্মী দরজা খুলে দেন। তখন দুজন ভেতরে ঢুকে পড়েন। পরে আরও দুজন আসেন। তাদের একজন কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন, বাকিরা বাইরে ছিলেন।

হাবিবুর বলেন, ভেতরে ঢুকে তারা জানতে চায়, চাঁদার বিষয়ে যোগাযোগ করেনি কেন এবং টাকা দেয়নি কেন। জবাবে তারা বলেন, এ বিষয়ে তারা কিছু জানেন না, মালিকের সঙ্গে কথা বলতে হবে। এরপরই দুর্বৃত্তরা তাদের গালাগাল শুরু করে এবং গুলি চালানো শুরু করে।

 

তিনি বলেন, অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে তারা। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে। পরের গুলিটি সাজুর পায়ে লাগে। আরেকটি গুলি তার হাতের ঘড়িতে লেগে নিচে গিয়ে আবার সাজুর পায়ে লাগে। আরেকটি গুলি তার হাতে লাগে।

গুলি করার পর আগামী মাস থেকে মাসে দুই লাখ টাকা করে দিতে হবে বলে শাসায় হামলাকারীরা। বাদশাহ ও জনির সঙ্গে যোগাযোগ করেনি কেন তা নিয়েও প্রশ্ন করে তারা।

হাবিবুরের ভাষ্য, দুর্বৃত্তদের একজন কার্যালয়ের ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ড খুলে নেয়। এরপর ক্যাশের দিকে যায়। তারা চলে যাওয়ার সময় কর্মীরা ধরার চেষ্টা করলে বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

 

ঘটনার সময় আশপাশে থাকা ভ্যানগাড়িতে কাপড় বিক্রেতা জুলহাস বলেন, বিকট শব্দ শুনে ভয় পেয়ে যাই। পরে চারদিকে ধোঁয়া দেখা যায়। এরপর গুলির শব্দ পাই এবং ওই অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পারি।

প্রতিষ্ঠানটির এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার পর থেকে তারা আতঙ্কে আছেন। হামলাকারীরা আবার এসে গুলি করতে পারে সেই আশঙ্কায় আছেন। ঘটনার পর বিকেলে ভবনমালিক এসে তাদের কার্যালয় ছেড়ে দিতে বলেছেন।

এ ঘটনায় আজ হাতিরঝিল থানায় মামলা করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জাহিদুল হক পলাশ।

তিনি ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে চারজন কার্যালয়ে ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা এলোপাতাড়ি পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। পরে পালিয়ে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা হাতিরঝিল থানায় মামলা করেছি।

মামলার এজাহারে পলাশ উল্লেখ করেন, স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজির প্রধান কার্যালয় রাজধানীর পান্থপথের বক্স কালভার্ট রোডে। রামপুরার ওয়াপদা রোডের ১২৯ নম্বর বাড়ির নিচতলায় প্রতিষ্ঠানটির একটি শাখা কার্যালয় রয়েছে। প্রায় এক মাস আগে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি ওই শাখা কার্যালয়ে এসে নিজেদের গুজা বাদশাহ ও মোল্লা জনি গ্রুপের লোক বলে পরিচয় দেয়। তারা প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মো. মাজহারুল ইসলামের কাছে এককালীন ১০ লাখ টাকা এবং প্রতি মাসে এক লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি মাজহারুল ইসলাম বাদীকে জানান। তারা বিষয়টি নিয়ে থানায় কোনো অভিযোগ করেননি। বরং শাখা কার্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তা করছিলেন।

এজাহারে আরও বলা হয়, ১৫ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই কার্যালয়ে আসে। এ সময় তারা আগের চাঁদা দাবির প্রসঙ্গ তুলে কর্মীদের উদ্দেশে বলে, একমাস পূর্বে তোদের বলে গেলাম আমাদের কে এককালীন দশলক্ষ টাকা চাঁদা ও মাসিক এক লাখ টাকা চাঁদা দিতে হবে, এই বিষয়ে তোরা সমঝোতা করিস নাই কেন? এ সময় তাদের একজনের হাতে পিস্তল ছিল। পরে তারা কার্যালয়ের কর্মীদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে সাজু আহমেদের (৩০) ডান পায়ে দুটি গুলি লাগে এবং হাবিবুর রহমানের (২৭) বাঁ হাতের কবজির নিচে গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর তারা মেঝেতে পড়ে যান।

এজাহারে উল্লেখ করা হয়, গুলি করার পর দুর্বৃত্তরা কর্মীদের হুমকি দিয়ে বলে, এটা ওয়ার্নিং দিলাম, চাঁদার টাকা সমাধান না করলে এরপর জানে মেরে ফেলব। এরপর তারা প্রতিষ্ঠানের মূল দরজায় একটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ভবনের প্রধান ফটকের বাইরের সড়কে আরও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে সহকর্মীরা আহত সাজু ও হাবিবুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সময় তিনি কার্যালয়ে ছিলেন না উল্লেখ করে এজাহারে বাদী বলেন, প্রথমে তিনি আহত কর্মীদের চিকিৎসার জন্য হাসপাতালে যান। পরে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করেন।

জড়িতরা শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী

পুলিশের একটি সূত্রের দাবি, এ ঘটনায় নিহত শীর্ষ সন্ত্রাসী পলাশ ওরফে কাইল্ল‍্যা পলাশের সহযোগী সুজন ওরফে টোকাই সুজন এবং পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মোল্লা জনি ও গুজা বাদশাহর সংশ্লিষ্টতা রয়েছে। তাদের নির্দেশে হাসিব, হাসনাইন, আলিফ ও সামিউল ঘটনাস্থলে গিয়ে গুলি চালায়। সূত্রটির দাবি, তাদের মধ্যে একজন কার্যালয়ের ভেতরে ঢুকে গুলি করে, অন্যরা বাইরে অবস্থান করছিল।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিষ্ঠানের মালিক হাতিরঝিল থানায় মামলা করেছেন। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হাতিরঝিল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাটি তদন্ত করছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা যাবে বলে আশা করছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম