• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জলবায়ু সহনশীলতা বাড়াতে ডি-৮ দেশগুলোর সহযোগিতার আহ্বান বাংলাদেশের

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:০৩
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:০৩

জলবায়ু সহনশীলতা বাড়াতে ডি-৮ দেশগুলোর সহযোগিতার আহ্বান বাংলাদেশের
 

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

জলবায়ু ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুদানভিত্তিক ও অত্যন্ত সহজ শর্তের অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির সুযোগ সহজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত ডি-৮ মন্ত্রী পর্যায়ের জলবায়ু অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এসব অগ্রাধিকার তুলে ধরেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

বৈঠকে জলবায়ু ও পরিবেশবিষয়ক সহযোগিতার আনতালিয়া মন্ত্রী পর্যায়ের কর্মপরিকল্পনায় বাংলাদেশের প্রস্তাবিত সংশোধনী উপস্থাপন করেন তিনি। বাংলাদেশের প্রস্তাবে যৌথ জলবায়ু প্রতিশ্রুতিকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়া এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জলবায়ু উদ্যোগগুলো তুলে ধরেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি গঠন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে শক্তিশালী করার প্রচেষ্টা, খাল পুনরুদ্ধার, উপকূল সুরক্ষা, ম্যানগ্রোভ পুনরুদ্ধার এবং পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি। জলবায়ু সহনশীল কৃষি, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ ও চক্রাকার অর্থনীতির প্রসারকেও বাংলাদেশের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের পক্ষ থেকে ডি-৮ পরিবেশ ও জলবায়ু সহযোগিতা প্ল্যাটফর্ম কার্যকর করা, সদস্যরাষ্ট্রগুলোর বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কারিগরি কর্মদল গঠন এবং ২০২৭–২০৩০ মেয়াদের বাস্তবায়নযোগ্য ও ফলাফলভিত্তিক রোডম্যাপ তৈরির প্রস্তাব তুলে ধরা হয়। এই রোডম্যাপে স্থানীয় নেতৃত্বে অভিযোজন, জলবায়ু সহনশীল কৃষি ও পানি ব্যবস্থাপনা, দুর্যোগের আগাম সতর্কীকরণ, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়।

অর্থায়নের ক্ষেত্রে দেশীয় অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প প্রস্তুতি এবং অভিযোজন কার্যক্রমের জন্য অনুদানভিত্তিক ও অত্যন্ত সহজ শর্তের অর্থায়নে প্রবেশাধিকার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় প্রযুক্তির প্রসার, লিঙ্গসমতা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়ও বাংলাদেশের প্রস্তাবে উঠে আসে।

বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য উৎপাদন কমানো, উৎসে পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ সম্প্রসারণের আহ্বান জানানো হয়। কম্পোস্ট, বায়োগ্যাস ও বর্জ্য থেকে উপকরণ পুনরুদ্ধারে যৌথ পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের প্রস্তাব দেয় বাংলাদেশ। একই সঙ্গে জনস্বাস্থ্য, নিঃসরণ নিয়ন্ত্রণ ও অনানুষ্ঠানিক বর্জ্যকর্মীদের জীবিকার সুরক্ষা নিশ্চিত করে উপযুক্ত অবশিষ্ট বর্জ্য থেকে জ্বালানি পুনরুদ্ধারের সম্ভাবনা মূল্যায়নের কথা বলা হয়।

প্রস্তাবিত কার্যক্রম এগিয়ে নিতে ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে কারিগরি কর্মদলে সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধি মনোনয়ন এবং একই বছরের প্রথম প্রান্তিকে কর্মদলের প্রথম বৈঠক আয়োজনের প্রস্তাব দেয় বাংলাদেশ। প্ল্যাটফর্মের কার্যপরিচালনা কাঠামো ও খসড়া রোডম্যাপ সদস্যরাষ্ট্রগুলোর বিবেচনা ও অনুমোদনের জন্য উপস্থাপনের কথাও বলা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়, কপ৩১-পরবর্তী সময়েও সহযোগিতা অব্যাহত রেখে কার্যকর অর্থায়ন, যৌথ উদ্যোগ এবং পরিমাপযোগ্য ফলাফলের মাধ্যমে জলবায়ু প্রতিশ্রুতিকে মানুষের জীবনে বাস্তব পরিবর্তনে রূপ দিতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম