প্রতিনিধি, ময়মনসিংহ
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গণপিটুনিতে নিহত নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা মেহেদী হাসানের (৩১) মরদেহ হাসপাতালের লাশঘর থেকে ৩৬ ঘণ্টা পর নিয়ে গেছেন তার স্ত্রী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ময়নাতদন্ত শেষে বিকেল ৪টার পর মরদেহটি গ্রহণ করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
নিহত স্বেচ্ছাসেবক দলের নেতার নাম মো. সুরুজ জামান (৩৫) একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। সুরুজ জামান বালুর ব্যবসাও করতেন। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি কেনাবেচা ও ভাড়া দেওয়ার ব্যবসা ছিল তার।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার মো. হক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে ছিল। নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের কেউ মরদেহ নিতে আসছিলেন না। তারা আতঙ্কে ছিলেন। পরে পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দিলে মরদেহ নিতে আসেন নিহতের স্ত্রী মীম আক্তার। ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহটি তার কাছে হস্তান্তর করা হলে তিনি নিয়ে যান।’
নিহত মেহেদী হাসান নগরের মধ্য বারেরা মজিদ মার্কেট এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। মেহেদীর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে ৭ বছর বয়সি মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় সুরুজ জামানকে কুপিয়ে ও ছুরিকাঘাত করেন জাহাঙ্গীর আলম, মেহেদী হাসানসহ তাদের ভাইয়েরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর রাতে মেহেদীর বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন স্থানীয় লোকজন। রাত ১২টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পুলিশের আশ্বাসে রাত ১টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পরে মেহেদীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় মেহেদী চুপিচুপি বাড়িতে এলে তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সোমবার ভোর চারটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি হাসপাতালের লাশঘরে রাখা হয়।
নিহত মেহেদী হাসানের স্ত্রী মীম আক্তার বলেন, তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, আর তার স্বামী আওয়ামী লীগের রাজনীতি করতেন। এ কারণে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল। তাদের বাড়ির তিনটি ঘরে আগুন দেওয়া হয়েছে। ঘরে থাকা টাকা-পয়সা ও স্বর্ণালংকার সব লুট করে নিয়ে গেছে। তাদের আত্মীয়স্বজনেরা ভয়ে পালিয়ে আছেন। তাই ৩৬ ঘণ্টা পর তিনি নিজেই স্বামীর মরদেহ নিতে এসেছেন। এখন শুধু স্বামীর মরদেহ দাফন করতে চান।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার তো সব শেষ হয়ে গেছে। আমার একটি ছোট মেয়ে আছে। তাকে নিয়ে বাঁচতে চাই।’
নিহত সুরুজ জামানের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার জানান, এলাকায় বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগপন্থী একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ওই এলাকা নজরদারিতে রেখেছে পুলিশ।













